শিরোনাম

কক্সবাজার, ৯ মার্চ, ২০২৬ (বাসস): স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশের স্বার্থে সবাইকে জনগণের বন্ধু হিসেবে কাজ করতে হবে। প্রশাসনকে সহযোগিতা করতে হবে।
তিনি বলেন, ‘মানুষের সঙ্গে কোনো ধরনের খারাপ আচরণ করা যাবে না। সবাইকে সুশৃঙ্খলভাবে থাকতে হবে। উচ্ছৃঙ্খল কর্মকাণ্ড ও কোনো ধরনের চাঁদাবাজির খবর শুনতে চাই না।’
রোববার রাতে কক্সবাজারের চকরিয়ায় দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর রোববার দুপুরে প্রথমবারের মতো নিজের নির্বাচনী এলাকা চকরিয়া-পেকুয়ায় আসেন সালাহউদ্দিন আহমদ।
রাত পৌনে ১০টার দিকে চকরিয়া পৌরসভার সড়ক ও জনপদ বিভাগের ডাকবাংলোয় অবস্থান করেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘দেশের মধ্যে এমন সুশাসন প্রতিষ্ঠা করতে হবে, যাতে মানুষ মনে করে, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসায় তারা শান্তিতে থাকতে পারছে। দেশের উন্নয়ন হচ্ছে, মানুষ শান্তিতে বসবাস করছে।
স্বরাষ্ট্রমন্ত্রী চকরিয়ায় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে রাত সাড়ে ১০টার দিকে নিজের গ্রামের বাড়ি পেকুয়ার সিকদারপাড়ায় যান। সেখানে তিনি তাঁর মা-বাবার কবর জিয়ারত করেন।