শিরোনাম

খুলনা, ৬ মার্চ, ২০২৬ (বাসস) : খুলনা মহানগরীর ২৬ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শওকত হোসেন ওরফে কালা শওকতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১২টা ১৫মিনিটের দিকে পল্টন থানা পুলিশের সহায়তায় খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ঢাকার পল্টন এলাকার পলওয়েল মার্কেট থেকে তাকে গ্রেফতার করে।
বিষয়টি নিশ্চিত করে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম বাসস’কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার পল্টন এলাকার পলওয়েল মার্কেট থেকে শওকত হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ সকালে তাকে খুলনায় আনা হয়েছে। শওকতের বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার ঘটনায় ৫টি মামলা রয়েছে।
এদিকে, অভিযোগ রয়েছে, খুলনার আলোচিত শেখ বাড়ির ঘনিষ্ট হওয়ায় রাজনৈতিক প্রভাব ও নানা অনিয়মের মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন এই কালা শওকত। এছাড়া তার বিরুদ্ধে গম কেলেঙ্কারির ঘটনায় বিপুল অর্থ লোপাটের অভিযোগও রয়েছে।