শিরোনাম

খুলনা, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) :পবিত্র রমজান মাস উপলক্ষে খুলনা মহানগরীর ১৫টি স্থানে ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ (টিসিবি)।
আজ মঙ্গলবার সকাল থেকে শহরের বিভিন্ন স্থানে এই পণ্য বিক্রি শুরু হয়েছে। এ কর্মসূচির আওতায় ভোক্তারা প্রচলিত বাজার দরের চেয়ে কম দামে সয়াবিন তেল, মসুর ডাল, চিনি, ছোলা এবং খেজুর কিনতে পারছেন ।
টিসিবি সূত্রে জানা গেছে, নির্ধারিত স্থানগুলির মধ্যে রয়েছে- নগরীর বয়রা সরকারি মহিলা কলেজ, প্রান্তিক মার্কেট, টেক্সটাইল মিল রোড, গবরচাকা পল্লী মঙ্গল স্কুল মাঠ, এরশাদ আলী স্কুল মাঠ, শিশু হাসপাতালের সামনে, বাগমারা মোতালেব চেয়ারম্যানের বাড়ির সামনে, বসুপাড়া এতিমখানা রোড, আলকাতরা মিল মোড়, খুলনা প্রেস ক্লাব, দক্ষিণ টুটপাড়া মসজিদ মাঠ, পাইওনিয়ার সরকারি মহিলা কলেজ, শিপইয়ার্ড রোড, চাঁদমারি বাজার, রূপসা সেতুর নীচে, আফিল উদ্দিন স্কুল প্রাঙ্গণ এবং জেলা শিল্পকলা একাডেমি।
সূত্র জানায়, রমজানের নিয়মিত পণ্যের সাথে ছোলা এবং খেজুর যুক্ত করা হয়েছে। প্রতিটি প্যাকেজের মূল্য ৫৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রতিদিন প্রায় ৪০০ জন গ্রাহক প্রতিটি ট্রাক থেকে পণ্য কিনতে পারবেন।
টিসিবির খুলনা আঞ্চলিক পরিচালক মো. হুমায়ুন কবির বলেন, পণ্যগুলি সাপ্তাহিক এবং সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন বিক্রি করা হবে। ফ্যামিলি কার্ডধারীদের পাশাপাশি সাধারণ গ্রাহকরাও টিসিবির পণ্যগুলি কিনতে পারবেন।