বাসস
  ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:১৯
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৩০

ঝিনাইদহে পরিচ্ছন্নতা অভিযানে নামলেন নবনির্বাচিত এমপি

জেলায় সংসদ সদস্য আলী আজম মো. আবুবকর পরিচ্ছন্নতা অভিযান চালান। ছবি: বাসস

ঝিনাইদহ, ২২ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ঝিনাইদহ-২ (সদর-হরিণাকুণ্ডু) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলী আজম মো. আবুবকর পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেন। 

আজ রোববার বেলা ১১টায় ঝিনাইদহ ২৫ শয্যা বিশিষ্ট শিশু হাসপাতাল চত্বর থেকে এ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়।

পরে বাসটার্মিনাল সংলগ্ন চক্ষু হাসপাতালেও পরিচ্ছন্নতা অভিযান চালান নবনির্বাচিত সংসদ সদস্য। এ সময় তিনি হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা, কর্মচারীদের সার্বিক খোঁজখবর নেন। পাশাপাশি হাসপাতালের সেবাপ্রার্থী রোগী ও তাদের স্বজনদের খোঁজখবর নেন।

এ সময় জেলা সিভিল সার্জন ডা. মো. কামরুজ্জামান, শিশু হাসপাতালের দায়িত্বরত পরিচালক ডা. ফরিদ হাসান জামিল, সদর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আলমগীর হোসেনসহ হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মো. আবুবকর বলেন, ২৫ শয্যার শিশু হাসপাতালটি বিগত ২০০১-০৬ বিএনপি-জামায়াত জোটের আমলে নির্মাণ করা হয়। যে কারণে আওয়ামী লীগের আমলে হাসপাতালটি অবহেলিত ছিল। হাসপাতালের শয্যা সংখ্যা বৃদ্ধিসহ সার্বিক উন্নয়নের লক্ষ্যে আমি সরকারের যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। পাশাপাশি, ঝিনাইদহ-২ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি, দুর্নীতি, মাদক ও অন্যান্য অন্যায় কাজ দমনে সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবো।

পরে শিশু হাসপাতালে আধুনিক ডাস্টবিন ও পরিচ্ছন্নতায় ব্যবহৃত সামগ্রী বিতরণ করেন নবনির্বাচিত সংসদ সদস্য।