শিরোনাম

গাজীপুর, ১৪ জুন ২০২৬ (বাসস): জেলায় আজ প্রধানমন্ত্রীর ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
আজ রোববার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় এ কর্মসূচি উদ্বোধন করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার।
এ সময় পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়নের মাধ্যমে একটি বাসযোগ্য নগরী গড়ে তোলার লক্ষ্যে ফুলগাছের ও নিমগাছের চারা রোপণ করা হয়।
এ সময় গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিলা খানম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাক, ভারপ্রাপ্ত সচিব মুহাম্মদ সানিউল কাদের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী হারুন অর রশীদ সহ কর্মকর্তা- কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার বলেন, আগামী প্রজন্মের জন্য নিরাপদ ও সবুজ পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণার আলোকে গাজীপুর সিটি কর্পোরেশনকে ‘ক্লিন ও গ্রিন’ নগরী হিসেবে গড়ে তুলতে বৃক্ষরোপণ কার্যক্রম জোরদার করা হবে।