বাসস
  ১৪ জুন ২০২৬, ২২:০৪

ডেঙ্গু সংক্রমণে প্রতিরোধের বার্তা ঘরে পৌঁছে দিতে চাই : কেসিসি প্রশাসক

ছবি: বাসস

খুলনা, ১৪ জুন, ২০২৬, (বাসস) : কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু শিক্ষকদের উদ্দেশ্য করে বলেছেন, আপনাদের মাধ্যমেই ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে সচেতনতামূলক বার্তাটি ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। প্রত্যেকটি স্কুল যদি শিক্ষার্থীদের মাধ্যমে তার পরিবারের কাছে বার্তাটি পৌঁছে দেয় তাহলে সিটি কর্পোরেশনের কাজ অনেকটা সহজ হবে।

পরিবহন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে তিনি বলেন, ঢাকাসহ অন্যান্য জেলা থেকে ছেড়ে আসা গাড়িগুলোর সঙ্গে এডিস মশা আসার সম্ভবনা থাকে। এজন্য তিনি গাড়ি ছাড়ার পূর্বে প্রতিটি গাড়িতে মশক নিধন ওষধ স্প্রে করার অনুরোধ জানান।

আজ রোববার বেলা সাড়ে ১১টায় নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত ডেঙ্গু রোগ প্রতিরোধ বিষয়ক জনসচেতনতামূলক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায তিনি এসব কথা বলেন।

ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে এবং বর্ষা মৌসুমের শুরুতে ডেঙ্গু সংক্রমনের হার বৃদ্ধি পাওয়ায় সর্বস্তরের জনসাধারণের সচেতনতা বৃদ্ধিতে খুলনা সিটি কর্পোরেশন স্কুলের শিক্ষক ও পরিবহন সেক্টরের সঙ্গে সম্পৃক্তদের উপস্থিতিতে এ মতবিনিময় সভার আয়োজন করে।

সভায় সভাপতিত্ব করেন কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ। 

সভায় কেসিসি’র সচিব মো. রেজা রশীদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মো. আনিসুর রহমান, বাজেট কাম অ্যাকাউন্টস অফিসার মো. মনিরুজ্জামান, ভেটেরিনারিী সার্জন ডা. পেরু গোপাল বিশ্বাস, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. সাদ্দাম হোসেনসহ ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা ও মহানগরীর প্রায় ১১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকসহ পরিবহন সেক্টরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।