শিরোনাম

মাগুরা, ১৪ জুন ২০২৬ (বাসস): জেলায় আজ লাইসেন্স ছাড়াই বেকারিপণ্য উৎপাদন ও বাজারজাত, অবৈধভাবে বিএসটিআই’র লোগো ব্যবহার এবং খাদ্যে প্রতারণার দায়ে দায়ে ‘মেসার্স ঢাকা মহানগর বেকারি’ নামের একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ রবিবার রোববার বেলা সাড়ে ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সদর উপজেলার ইছাখাদা ছোটব্রীজ ও বাটিকাডাংগা এলাকায় অভিযানকালে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ইছাখাদা ছোটব্রীজ এলাকার ‘মেসার্স ঢাকা মহানগর বেকারি’ নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। প্রতিষ্ঠানটি বিএসটিআই’র লাইসেন্স ছাড়াই দীর্ঘদিন ধরে বেকারিপণ্য উৎপাদন ও বাজারজাত করে আসছিল। প্রতিষ্ঠানটি পণ্যের মোড়কে অবৈধভাবে ‘বিএসটিআই’এর লোগো ব্যবহার এবং উৎপাদিত খাদ্যে দুধ ও বাটার ব্যবহার না করেই উপাদান হিসেবে তা উল্লেখ করে ভোক্তাদের সাথে প্রতারণা করছিল।এছাড়াও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, অননুমোদিত ফ্লেভার ব্যবহার এবং কর্মচারীদের স্বাস্থ্যবিধি না মানার অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে মাগুরা জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমন অধিকারী, কৃষি বিপণন কর্মকর্তা মো. রবিউল ইসলাম সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।