বাসস
  ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৩
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫০

কাল জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন মজিবুর রহমান মঞ্জু

এবি পার্টি চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু । ফাইল ছবি

ঢাকা, ৮ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন আমার বাংলাদেশ পার্টি’র (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

এবি পার্টি’র এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়েছে, আগামীকাল ৯ ফেব্রুয়ারি সোমবার এই গুরুত্বপূর্ণ ভাষণটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) থেকে সরাসরি সম্প্রচার করা হবে।

দলের পক্ষ থেকে আরও জানানো হয়, এবি পার্টি’র চেয়ারম্যান মঞ্জু তার এই ভাষণে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতকরণ এবং জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে দলের সুস্পষ্ট অবস্থান তুলে ধরবেন। 

একই সঙ্গে তার এই ভাষণে রাষ্ট্র সংস্কার কার্যক্রম, জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের দাবি, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় দলের দৃষ্টিভঙ্গি ও ভবিষ্যৎ রূপরেখা জাতির সামনে উপস্থাপন করা হবে।

এবি পার্টি’র নীতিনির্ধারকদের মতে, এই ভাষণে একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও জবাবদিহিমূলক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা প্রতিফলিত হবে।

এবি পার্টি’র চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর এই ভাষণ আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে জনগণের প্রত্যাশা পূরণ করবে এবং একটি আধুনিক ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবে বলে দলটি ধারণা করছে।