বাসস
  ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৩২

নির্বাচনে নারীদের নিরাপদ ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের

ঢাকা, ১১ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : আগামীকাল অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারীদের নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

আজ বুধবার বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর (ইউএনআরসি) কার্যালয়ের এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। 

নির্বাচনকে সামনে রেখে জাতিসংঘ পুনর্ব্যক্ত করেছে, নির্বাচনে নিরাপদ ও অর্থবহ অংশগ্রহণ সবার মৌলিক অধিকার। এর মধ্যে সকল নারী ও মেয়েদের অধিকার, বিশেষ করে প্রতিবন্ধী নারী, সংখ্যালঘু সম্প্রদায়, ভিন্ন লিঙ্গ পরিচয়ের মানুষ এবং যারা বৈষম্য বা লিঙ্গভিত্তিক সহিংসতার ঝুঁকিতে থাকেন, তাদের অধিকারও অন্তর্ভুক্ত।

বিবৃতিতে বলা হয়, নির্বাচনের আগে নারী প্রার্থী ও ভোটারদের বিরুদ্ধে বিশেষ করে অনলাইন সহিংসতা ও হয়রানির বিষয়ে বিভিন্ন নারী সংগঠন ও নাগরিক সমাজের উদ্বেগের বিষয়ে জাতিসংঘ সচেতন। রাজনৈতিক নেতা, কর্মী, সাংবাদিক এবং মানবাধিকার রক্ষাকারীসহ জনজীবনে কর্মরত নারীরা সাইবার বুলিং, ডিপফেক, পরিকল্পিত হয়রানি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বিকৃত বা যৌন ইঙ্গিতপূর্ণ কনটেন্ট তৈরির ঘটনা বাড়ছে বলে জানাচ্ছেন।

এতে আরো বলা হয়, জাতিসংঘ সকল অংশীজনের সঙ্গে ধারাবাহিকভাবে নারীদের অর্থপূর্ণ প্রতিনিধিত্ব ও নেতৃত্ব নিশ্চিত করার পক্ষে কাজ করে আসছে এবং নারীদের নির্বাচনী অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব বাড়াতে বাংলাদেশ নির্বাচন কমিশনকে সহায়তা প্রদান করছে। নারীসহ সকল ভোটার যেন ভয়ভীতি, বৈষম্য, অনলাইন নির্যাতন বা প্রতিশোধের আশঙ্কা ছাড়াই প্রার্থী ও ভোটার হিসেবে অংশগ্রহণ করতে পারেন, তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জাতিসংঘ সব অংশীদার, বিশেষ করে রাজনৈতিক নেতা, তাদের দল ও সমর্থকদের আহ্বান জানিয়ে বলেছে, নির্বাচনী প্রক্রিয়ায় নারীর প্রতি যেন কোনো প্রকার হয়রানি, সহিংসতা বা ভয়ভীতি দেখানো না হয়। এটি নারী প্রার্থী ও ভোটারদের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য, যাদের অংশগ্রহণ ও নিরাপত্তা অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য অপরিহার্য।

বিবৃতিতে বলা হয়, জাতিসংঘ বিশ্বাস করে কর্তৃপক্ষ নিরাপত্তা, আইনের শাসন ও প্রত্যেক ব্যক্তির অধিকারসহ সুরক্ষা নিশ্চিত করার জন্য পদক্ষেপ অব্যাহত রাখবে। সবার নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে জাতিসংঘ সবসময় সরকারের পাশে থেকে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ।