বাসস
  ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:০৪

নোয়াখালীতে জেলা প্রশাসন ও সেনাবাহিনীর মতবিনিময় সভা

ছবি: বাসস

নোয়াখালী, ৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়নে জেলায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

জেলায় মোতায়েনরত সামরিক সদস্যবৃন্দ ও প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেছেন ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি ও কুমিল্লা এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. নাজিম-উদ-দৌলা।

আজ মঙ্গলবার দুপুরে নোয়াখালী জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সেনাবাহিনী ও বিজিবি কর্মকর্তাসহ নোয়াখালী জেলা প্রশাসক, সিনিয়র জেলা নির্বাচন অফিসার, এনএসআই জয়েন্ট ডিরেক্টর, পুলিশ সুপার, র‌্যাব-১১ এর কোম্পানি অধিনায়কসহ বিভিন্ন দপ্তরে কর্মরত নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডিভিশন জিওসি মেজর জেনারেল মো. নাজিম-উদ-দৌলা আইনশৃঙ্খলা পরিস্থিতির অধিকতর উন্নতি, সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং আন্ত:বাহিনী ও অসামরিক প্রশাসনের সকল স্তরে নিবিড় যোগাযোগ ও সমন্বয়ের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। 

নির্বাচনের কাঙ্ক্ষিত পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে তিনি অসামরিক প্রশাসনকে সেনাবাহিনীর সার্বিক সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। 

একইসঙ্গে দেশ ও জাতির প্রয়োজনে দীর্ঘ দেড় বছরের অধিক সময় ধরে নিরলসভাবে কাজ করে যাওয়ার জন্য তিনি নোয়াখালী জেলায় মোতায়েনরত সেনাসদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ ধারা অব্যাহত রাখার জন্য নির্দেশ প্রদান করেন তিনি।