বাসস
  ২২ অক্টোবর ২০২৫, ১২:৪২

খুলনায় মানব পাচার প্রতিরোধ কমিটির সমন্বয় সভা

মানব পাচার প্রতিরোধ কমিটির সমন্বয় সভা । ছবি: বাসস

খুলনা, ২২ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলায় মানব পাচার প্রতিরোধ কমিটির (সিটিসি) সদস্যদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মণ্ডল।

সভায় অতিথিরা বলেন, জেনে-বুঝে বৈধ উপায়ে বিদেশ যেতে হবে। অতিউৎসাহী হয়ে অবৈধভাবে বিদেশ যাওয়া যাবে না। বর্তমান সময়ে মানব পাচার সবচেয়ে নৃশংস অপরাধগুলোর একটি। যেখানে মানুষকে জোর করে বা প্রতারণার মাধ্যমে অন্য দেশে নিয়ে যাওয়া হয়। প্রচাররোধে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। তবুও অনেক সময় দালালের খপ্পরে পরে মানব পাচারের মতো ঘটনা ঘটে। পাচারের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। এ বিষয়ে মানুষকে সচেতন করতে হবে। সমন্বিত উদ্যোগের মাধ্যমে মানব পাচার প্রতিরোধ করা সম্ভব।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নূরুল হাই মোহাম্মদ আনাছ, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য কর্মকর্তা এ এস এম কবীর, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমান, আশ্বাস প্রকল্পের অ্যাডভোকেসি স্পেশালিস্ট মৃন্ময় কুমার মহাজন, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাসহ কমিটির সদস্যরা অংশ নেন।