বাসস
  ০২ মে ২০২৬, ১৯:৩৯

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ

সাতক্ষীরা, ২ মে, ২০২৬ (বাসস) : জেলায় আজ সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর চোরাচালান বিরোধী বিশেষ অভিযানকালে ভারতীয় শাড়ি ও মোবাইল ফোনের যন্ত্রাংশসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে। 

জব্দকৃত এসব মালামালের সর্বমোট বাজার মূল্য ১৭ লাখ ৯২ হাজার ৫০ টাকা।

আজ শনিবার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার কাঁকডাঙ্গা, মাদরা, সুলতানপুর, ভোমরা, পদ্মশাখরা ও চান্দুড়িয়া ও ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়। 

বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাঁকডাঙ্গা বিওপির পৃথক দুটি বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার কেড়াগাছি ও গেড়াখালী নামক স্থান হতে ভারতীয় শাড়ি, মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার শ্মশান ঘাট আমবাগান নামক স্থান হতে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, সুলতানপুর বিওপির বিশেষ আভিযানিক দল তালশাড়ি নামক স্থান হতে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ এবং ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার আনসারের মোড় নামক স্থান হতে ভারতীয় চিংড়ি মাছের রেনুপোনা জব্দ করে। 

এছাড়া, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা নামক স্থান হতে ভারতীয় পাতার বিড়ি ও নবরতœ তেল, পদ্মশাখরা বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার শাখরা আশার মোড় নামক স্থান হতে ভারতীয় চিংড়ি মাছের রেণুপোনা এবং চান্দুড়িয়া বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার আমবাগান নামক স্থান হতে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে। জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য ১৭ লাখ ৯২ হাজার ৫০ টাকা। 

বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে।