শিরোনাম

গাজীপুর, ২ মে ২০২৬ (বাসস) : জেলার শ্রীপুর উপজেলায় আজ পারুলিয়া খাল এবং রাজেন্দ্রপুর এলাকায় বিন্দাই খালের পুনঃখনন কাজ উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার সকালে শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের ইজ্জতপুর এলাকায় গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রম উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ ভুঁইয়া, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, শ্রীপুর ইউসিসিএ-এর চেয়ারম্যান এস এম মাহফুল হাসান হান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।
শ্রীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক হোসাইন উজ্জ্বল জানান, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ইউজিপিপি কর্মসূচির আওতায় এ দুটি খাল পুনঃখনন করা হচ্ছে। শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নে পারুলিয়া খালের সাড়ে ৩ কিলোমিটার অংশ পুনঃখননে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৪৫৮ টাকা। অপরদিকে, রাজেন্দ্রপুর এলাকায় বিন্দাই খালের ২ দশমিক ৪০ কিলোমিটার অংশ পুনঃখননে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ২৮ লাখ ৬৫ হাজার ২০ টাকা।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, খাল দুটি পুনঃখননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং এলাকার পরিবেশগত ভারসাম্য রক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে।