বাসস
  ০২ মে ২০২৬, ২১:১৩

নাটোরে স্কাউটসের শাপলা কাব এওয়ার্ড মূল্যায়ন  

ছবি : বাসস

নাটোর, ২ মে ২০২৬ (বাসস): পাঁচটি জেলার ৯৪ জন কাব স্কাউটসের অংশগ্রহণে বাংলাদেশ স্কাউটসের সর্বোচ্চ সম্মানসূচক শাপলা কাব এওয়ার্ডের মূল্যায়ন আজ নাটোরে অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকাল নয়টা থেকে কাব স্কাউটসে সদস্যদের মূল্যায়নের প্রথম পর্যায়ে জয়কালী দীঘিতে সাঁতার পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর বনলতা উচ্চ বালিকা বিদ্যালয়ে সাক্ষাৎকারের মাধ্যমে তাদের সার্বিক দক্ষতা যাচাই করা হয়।

বাংলাদেশ স্কাউটসের পরিচালক (সংগঠন) আহমেদ কাজী আশিফুল হক জানান, কাব স্কাউটসের সর্বোচ্চ সম্মানসূচক শাপলা কাব এওয়ার্ড প্রাপ্তির প্রত্যাশায় শিক্ষার্থীরা সাঁতার কার্যক্রমে অংশগ্রহণ করেছে। 

প্রতিযোগিতামূলক এই মূল্যায়নে অংশগ্রহনের মাধ্যমে কাব স্কাউটস সদস্যরা যোগ্যতা ও দক্ষতা অর্জনের মাধ্যমে দেশের সুনাগরিক হয়ে গড়ে উঠবে।

নাটোর জেলা স্কাউটসের সম্পাদক এস এম গোলাম মহিউদ্দিন জানান, মূল্যায়ন কার্যক্রমে নাটোর, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী এবং রাজশাহী মেট্রোপলিটন জেলার ৯৪ জন কাব সদস্য অংশগ্রহন করেছে।