বাসস
  ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৪০

নারায়ণগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

নারায়ণগঞ্জের ৫টি নির্বাচনী আসনেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ঐতিহাসিক ‘জুলাই সনদ’ সংস্কারের ওপর গণভোটের ভোটগ্রহণ শেষ হয়েছে। ছবি: বাসস

নারায়ণগঞ্জ, ১২ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : নারায়ণগঞ্জের ৫টি নির্বাচনী আসনেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ঐতিহাসিক ‘জুলাই সনদ’ সংস্কারের ওপর গণভোটের ভোটগ্রহণ শেষ হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। এখন কেন্দ্রে কেন্দ্রে চলছে ভোট গণনার কাজ।

সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের সরব উপস্থিতি দেখা গেছে। বিশেষ করে নারী ও তরুণ ভোটারদের দীর্ঘ লাইন ছিল চোখে পড়ার মতো। ২০২৪-এর গণ-অভ্যুত্থানের পর এটিই প্রথম জাতীয় নির্বাচন হওয়ায় সাধারণ মানুষের মধ্যে বাড়তি উদ্দীপনা দেখা গেছে। নির্বাচনের শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

সকালে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে ভিড় বাড়তে থাকে। বিকেল সাড়ে চারটায় ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই প্রিজাইডিং কর্মকর্তাদের তত্ত্বাবধানে কেন্দ্রে কেন্দ্রে গণনার কাজ শুরু হয়। পরবর্তীতে কেন্দ্রভিত্তিক ফলাফলগুলো রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হবে।

এদিকে পুরো জেলাজুড়ে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি ছিল। পুলিশ, র‌্যাব এবং বিজিবির টহল দল নিয়মিত টহল দিয়েছে। এছাড়াও জুডিশিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করেছেন।

নারায়ণগঞ্জে দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ সেনাবাহিনীর মেজর আয়াজ বলেছেন, ভোটাররা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করেছেন। বিভিন্ন কেন্দ্রে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। এখন পর্যন্ত কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার তথ্য পাওয়া যায়নি। আমাদের টিম সর্বাত্মকভাবে মাঠে রয়েছে। বিকল্প পরিকল্পনাও প্রস্তুত আছে। র‌্যাব, বিজিবি, আনসার ও এপিবিএনসহ অন্যান্য বাহিনীর সদস্যদের সঙ্গে সমন্বয়ে আমরা কাজ করছি। মাঠে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটরাও টিম হিসেবে কাজ করছেন। সার্বিকভাবে পরিবেশ শান্ত ও স্বাভাবিক রয়েছে।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের পাঁচটি সংসদীয় আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, গণসংহতি আন্দোলন, ইসলামী আন্দোলন, গণঅধিকার পরিষদ, জমিয়তে উলামায়ে ইসলাম, রিপাবলিকান, বাসদ, সিপিবিসহ বিভিন্ন দলের মোট ৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

জেলায় মোট ভোটার ২৩ লাখ ৬৬ হাজার ২৩৬ জন। এর মধ্যে পুরুষ ১১ লাখ ৯৮ হাজার ৯২৯ জন, নারী ১১ লাখ ৬৭ হাজার ২৮৩ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২৪ জন।