বাসস
  ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:১৬
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৩৭

দুপুর ২টা পর্যন্ত দেশের ৩৬, ০৩১টি কেন্দ্রে ভোট প্রদানের হার ৪৭.৯১ শতাংশ : ইসি সচিব

ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। ছবি: সংগৃহীত

ঢাকা, ১২ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের নির্বিঘ্ন ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ফলে আজ দুপুর ২টা পর্যন্ত দেশের ৩৬, ০৩১ টি ভোটকেন্দ্রে ভোট প্রদানের হার ৪৭ দশমিক ৯১ শতাংশে দাঁড়িয়েছে।

আজ বিকেল সোয়া চারটায় রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, আজ সকাল সাড়ে সাতটা থেকে দুপুর দুইটা পর্যন্ত ৪২, ৬৫১টি কেন্দ্রের মধ্যে ৩৬, ০৩১টি কেন্দ্র, তার মানে ৬,৬২০টি কেন্দ্রের তথ্য বাদে আমাদের প্রাপ্ত ভোটের পরিমাণ হচ্ছে ৪৭.৯১ শতাংশ।

ইসি সচিব আরো বলেন, এখন পর্যন্ত নির্বাচন পরিস্থিতি সুষ্ঠু আছে। আমি নিজে ব্যক্তিগতভাবে গভর্মেন্ট ল্যাবরেটরি স্কুল ও আজিমপুরে একটি কেন্দ্র পরিদর্শন করেছি। আমি সেখানে কোনো সমস্যা দেখিনি। বরং উপস্থিত কর্মকর্তারা জানালেন যে দুপুরে উপস্থিতির হার একটু কম ছিল, এখন আমরা যখন ফিরে আসছি তখন দেখলাম ধীরে ধীরে মানুষের ঢল বাড়ছে। দিন বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়বে, এটাই স্বাভাবিক।

কোনো ধরনের কোনো অভিযোগ কমিশনের কাছে আসছে কিনা জানতে চাইলে তিনি বলেন, হ্যাঁ, অভিযোগ আছে। আমরা তো এখানে বসে থেকে কোনো ধরনের কোনো তথ্য না নিয়ে বলতে পারব না, আগাম বলাও উচিত না এতে মানুষ বিভ্রান্ত হতে পারে। সেজন্য আমি বলবো, যে অভিযোগ দেওয়া হয়েছে সেটা সঙ্গে সঙ্গে খতিয়ে দেখা হয়েছে এবং সে অনুযায়ী রিটার্নিং অফিসার ব্যবস্থা নিবেন।

দাখিলকৃত যেকোনো অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হলে কমিশন যথাযথ ব্যবস্থা নেবে বলে জানান তিনি।