বাসস
  ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৫৪

রাঙ্গামাটিতে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন, চলছে গণনা 

ভোট গ্রহণ শেষে আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার পর শুরু হয়েছে ভোট গণনা।  ছবি: বাসস

রাঙ্গামাটি, ১২ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): জেলায় আজ শান্তিপূর্ণভাবে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

ভোট গ্রহণ শেষে আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার পর শুরু হয়েছে ভোট গণনা।  

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, জাতীয় সংসদের ২৯৯ নং (রাঙ্গামাটি পার্বত্য জেলা) আসনে ২১৩ টি ভোট কেন্দ্র রয়েছে। ১০ টি উপজেলার ৫০টি ইউনিয়ন এবং ২টি পৌরসভা নিয়ে গঠিত এই জেলায় মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৯ হাজার ২৬৭ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৬৩ হাজার ৪১০, নারী ২ লাখ ৪৫ হাজার ৮৫৫ জন এবং হিজড়া ভোটার ২ জন।

রাঙ্গামাটি ২৯৯ নং সংসদীয় আসনে এবার মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন ৭ জন। তারা হলেন বিএনপির এ্যাড. দীপেন দেওয়ান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জুঁই চাকমা, জাতীয় পার্টির অশোক তালুকদার, গণ অধিকার পরিষদের এম এ আবুল বাশার, স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা, ইসলামী আন্দোলনের মো. জসিম উদ্দিন, ১১ দলীয় জোট মনোনীত খেলাফত মজলিসের মোহাম্মদ আবু বকর ছিদ্দিক।