বাসস
  ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:১৭

নাটোরে পোস্টাল ব্যালটে ভোট পড়েছে ৮১ শতাংশ

নাটোর, ১২ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে নাটোরের চারটি সংসদীয় আসনে পোস্টাল ব্যালটে ভোট পড়েছে ৮১ শতাংশ।

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের দপ্তরে পোস্টাল ব্যালট ভোট কেন্দ্রে গণনা শুরু করা হয়েছে।

নাটোরের চারটি সংসদীয় আসনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করেছেন মোট আট হাজার ৯৮৮ জন। পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদানের জন্য নাটোরের চারটি সংসদীয় আসনে নিবন্ধন করেন মোট ১১ হাজার ১১১ জন ভোটার। ভোট প্রদানের হার ৮০ দশমিক ৮৯ শতাংশ।

প্রদত্ত আট হাজার ৯৮৮টি ভোটের মধ্যে নাটোর-১ আসনে দুই হাজার ৩শ’, নাটোর-২ আসনে দুই হাজার ৭১৯, নাটোর-৩ আসনে এক হাজার ৭১১ এবং নাটোর-৪ আসনে ২ হাজার ২৫৮টি ভোট পড়েছে।

জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্নিং অফিসারের দপ্তরে চারটি সংসদীয় আসনের জন্য চারটি ভোট কেন্দ্র চালু করা হয়। এসব ভোট কেন্দ্রে মোট ৩০টি ব্যালট বাক্সে ডাক বিভাগের মাধ্যমে প্রাপ্ত পোস্টাল ব্যালট সংরক্ষণ করা হয়।

পোস্টাল ব্যালট ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আসমা খাতুন জানান, পোস্টাল ব্যালটের ভোট গণনা শুরু হয়েছে।