
চাঁদপুর, ১২ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): জেলার ৫ টি আসনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ভোটগ্রহণ শেষে চলছে ভোট গণনার কাজ।
সকাল ৭টা থেকেই জেলার ৭০৬ টি কেন্দ্রে নারী পুরুষ ও নতুন প্রজন্মের ভোটাররা লাইনে দাঁড়িয়ে যায়, সাড়ে ৭টা বাজে শুরু হয় সুশৃঙ্খলভাবে ভোটগ্রহণ।
এই ভোটের অধিকার প্রয়োগে অংশ নেন বয়োঃবৃদ্ধ থেকে শুরু করে নতুন ভোটারসহ শারীরিক প্রতিবন্ধীরাও। অনেকেই দীর্ঘ বছর পরে ভোট দিতে পেরে খুবই খুশি লাগছে বলে মতামত দেন।
জেলার ফরিদগঞ্জ আসনের ১৬ নং রুপশা দক্ষিণ ইউনিয়ন পরিষদের নারী ভোটাররা দীর্ঘ ৫৬ বছর ভোট দানে বিরত ছিলেন জৈনপুরী পীরের ভক্তরা। তবে তারাও এবার প্রশাসনের অনুরোধের প্রেক্ষিতে সেই প্রথা ভেঙ্গে ভোট দিতে কেন্দ্রে আসেন।
ভোট দিতে আসা নারী ভোটার সুফিয়া খাতুন বলেন, আমাদের এলাকায় পূর্ব থেকেই ভোট দিতনা। কিন্তু এবছর প্রশাসনের অনুরোধের প্রেক্ষিতে আমরা ভোট দিয়েছি। পরিবেশ ও ছিল শান্তিপূর্ণ।
জেলায় সুষ্ঠু নিরপেক্ষ ভাবে ভোট শেষ হওয়ার পরে এখন চলছে ভোট গণনা।
জেলার সদর আসনের পৌরসভার আক্কাসআলী হাই স্কুল কেন্দ্রে গিয়ে দেখা যায়, সেখানে ভোট গ্রহণের শেষ সময় ৪.৩০ এর পরে আর কোন ভোটার না থাকায় ভোটগ্রহণ সমাপ্তি ঘোষণা করে গণনা শুরু করে সকল প্রার্থীর এজেন্টদের সামনে।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার বলেন, জেলায় উৎসবমুখর পরিবেশে ও শান্তিপূর্নভাবে ভোটগ্রহণ হয়েছে। এ জন্যে তিনি সন্তোষ প্রকাশ করে বলেন, সবার সহযোগিতা থাকায় সম্ভব হয়েছে শান্তিপূর্ণ ভোটগ্রহণ।