বাসস
  ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৩৬

রাজশাহীতে ‘সমন্বিত পেশাজীবী পরিষদ’র আত্মপ্রকাশ

ছবি : বাসস

রাজশাহী, ১ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : রাজশাহীতে সমাজকল্যাণ, গণতন্ত্র এবং আইনের শাসন প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করেছে ‘রাজশাহী সমন্বিত পেশাজীবী পরিষদ’। 

আজ রোববার সকালে নগরীর নাংকিং দরবার হলে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, সাংবাদিক ও শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের এই নতুন জোটের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রফেসর ড. মোঃ নজরুল ইসলামকে সভাপতি এবং এ্যাডভোকেট মজিজুল হককে সদস্য সচিব করে ১০১ সদস্য বিশিষ্ট প্রাথমিক কমিটি ঘোষণা করা হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই কমিটি পরবর্তীতে আরও বর্ধিত করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি জাতীয় সংকটে সরব ভূমিকা রাখা জরুরি হয়ে পড়েছে। সেই তাগিদ থেকেই রাজশাহীর সকল স্তরের পেশাজীবীদের নিয়ে এই সমন্বিত পরিষদ গঠন করা হয়েছে। এটি কোনো নির্দিষ্ট পেশার গণ্ডিতে সীমাবদ্ধ না থেকে জাতীয় স্বার্থে একটি শক্তিশালী ঐক্যবদ্ধ শক্তি হিসেবে কাজ করবে।

নবগঠিত এই পরিষদের পক্ষ থেকে তাদের মূল লক্ষ্যগুলো তুলে ধরা হয়। যার মধ্যে রয়েছে- একটি শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থা গঠন এবং আর্তমানবতার সেবায় সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করা। এছাড়া দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, সাধারণ মানুষের ভোটাধিকার রক্ষা, আইনের শাসন নিশ্চিত করা এবং বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা রক্ষায় সোচ্চার থাকার অঙ্গীকার করা হয়।

নাগরিকের মানবাধিকার ও মৌলিক অধিকার সুরক্ষায় অতন্দ্র প্রহরীর মতো কাজ করার পাশাপাশি দেশের প্রয়োজনীয় রাজনৈতিক সংস্কার কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ এবং সংবাদপত্রের পূর্ণ স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকার নিশ্চিত করা এই পরিষদের অন্যতম লক্ষ্য।

সমাবেশে নেতৃবৃন্দ জানান, এই পরিষদ কেবল একটি প্রথাগত সংগঠন হিসেবে নয়, বরং দেশের যেকোনো ক্রান্তিলগ্নে দিকনির্দেশনামূলক ভূমিকা পালন করবে। পেশাজীবীদের মেধা ও শ্রমকে কাজে লাগিয়ে একটি শোষণমুক্ত ও ন্যায়বিচারভিত্তিক সমাজ গঠনই এই জোটের চূড়ান্ত লক্ষ্য।

অনুষ্ঠানে রাজশাহীর বিভিন্ন পেশাজীবী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।