বাসস
  ২১ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৫৩

একুশের প্রজ্বলিত আলোকশিখা স্বাধীনতার পথ দেখিয়েছে : দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী 

ছবি : বাসস

লালমনিরহাট, ২১ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, একুশের প্রজ্বলিত আলোকশিখা স্বাধীনতার পথ দেখিয়েছে। মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশের দ্রোহ আর দাহে শানিত প্রজন্ম এনেছে ২৪-এর গণঅভ্যুত্থান। যার সফলতম অধ্যায় আজকের এই নির্বাচিত সরকার।

আজ শনিবার লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজিত ‘মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ এর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। 

আসাদুল হাবিব দুলু বলেন, একুশ আমাদের ভাবতে শেখায়, ভালোবাসতে শেখায়, ত্যাগের মহিমা শেখায়। একুশ মানে মাথা নত না করা, একুশ মানে প্রতিবাদের প্রবল উচ্চারণ, একুশ মানে অধিকার আদায়ে আপসহীন পথচলা। 

লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, ভাষা সৈনিক আবদুল কাদের প্রমুখ।