বাসস
  ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৫৪

ঢাকা-৭ আসনে গ্যাস সংকট ও যানজট নিরসনে অগ্রাধিকার বিএনপি প্রার্থী হামিদুর রহমানের

ঢাকা-৭ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী হামিদুর রহমান । ছবি : বাসস

ঢাকা, ৭ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ঢাকা-৭ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী হামিদুর রহমান নির্বাচিত হওয়ার সুযোগ পেলে এখানকার গ্যাস সংকট, পয়ঃনিষ্কাশন সমস্যা ও যানজট নিরসনকে অগ্রাধিকার দিয়ে কাজ করার অঙ্গীকার করেছেন।

সম্প্রতি বাংলাদেশ সংবাদ সংস্থা’কে (বাসস) দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন। 

বাসস : আপনার নির্বাচনী এলাকা ঢাকা-৭ আসনের ভোটারদের জন্য আপনার নির্বাচনী প্রতিশ্রুতি কী?

হামিদুর রহমান : আমার নির্বাচনী আসন ঢাকা-৭, যা বংশাল (আংশিক), লালবাগ, চকবাজার, কোতোয়ালি (আংশিক), কামরাঙ্গীরচর এলাকা নিয়ে গঠিত। আমাদের এখানে অনেকগুলো সমস্যার মধ্যে প্রথম সমস্যা হলো- গ্যাসের সমস্যা। দ্বিতীয় সমস্যা হলো- পয়ঃনিষ্কাশন, তৃতীয়টি হলো- যানজট। যদি এই আসনে আমি নির্বাচিত হতে পারি গ্যাসের সমস্যা সমাধানে সবার আগে কাজ করবো। তিনি বলেন, ‘গ্যাসের সমস্যা আমাদের জাতীয় সমস্যা হলেও, আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে এই সমস্যা দূর করার জন্য।’

তিনি আরও বলেন, তাছাড়াও এলাকার জনগণকে সাথে নিয়ে আমাদের যানজটের সমস্যা সমাধান করতে হবে। কারণ এখানে ফুটপাত আছে, দোকান আছে, ছোট ছোট গলি আছে- এগুলোর জন্য জনগণ আমাদের পাশে থাকলে তাদের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে আমরা এই সমস্যার সমাধান করতে পারবো। তাছাড়াও আমরা এটা নিয়ে ড্যাপের সাথে আলাপ করতে হবে। তাদের কাছে নকশা কিছু করা আছে। এখানে অনেক ট্রান্সপোর্টেশন আছে যারা তাদের মালামালগুলো ঢাকার বাইরে পাঠায়, ট্রান্সপোর্টের মালামালগুলো তারা রাস্তায় রেখে দেয় এবং তাদের গাড়িগুলো এসে রাস্তায় যানজটের সৃষ্টি করে। শুধু সদরঘাটের জায়গাটা ফ্লাইওভারের মত করে দিই, তাহলে আমার মনে হয় ভালো কিছু হবে এবং যানজট লাঘব হবে।

আমাদের চকবাজারের দিকের এলাকাটা একটু ঘনবসতিপূর্ণ, তাই আমি এটা নিয়ে চিন্তিত। এগুলো নিয়ে আমার ভালো পরিকল্পনা আছে এবং এটি নিয়ে কাজ করবো। তাছাড়াও পরিবেশ দূষণ নিয়ে আমার একটা ভালো উদ্যোগ আছে, সময় হলে সবাই জানতে পারবেন।

বাসস : নির্বাচনী আচরণবিধি পালনে নেতাকর্মীদের প্রতি আপনার নির্দেশনা কী?

হামিদুর রহমান : নির্বাচনী আচরণবিধি পালনের বিষয়ে আমি শুরু থেকেই আমাদের দলীয় নেতাকর্মীদের স্পষ্ট নির্দেশনা দিয়েছি, যাতে তারা নির্ধারিত নিয়মকানুন শতভাগ মেনে চলতে হবে। আমরা চাই একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হোক। আচরণবিধি মেনে চলার ক্ষেত্রে নেতাকর্মীদের পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে।

বাসস : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনার প্রত্যাশা কী?

হামিদুর রহমান : আমি মনে করি সুন্দর এবং ভালো একটা নির্বাচন হবে। আমি যেভাবে জনগণের সাড়া পাচ্ছি এবং সাধারণ লোক যেভাবে ভোটের জন্য আগ্রহী হয়ে আছে, সেটা খুব লাগছে। আমি প্রতিদিন বা রাতে সাধারণ লোকের সাথে বসি, তাদের সাথে গল্প করি। তাদের একটাই কথা- ভোটটা আসুক, সুন্দর ভোট হোক। জুলাই আগস্টের পর আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, আমরা আমাদের ভোটের অধিকার ফিরে পেয়েছি। আমি সাধারণ লোকের চায়ের আড্ডায়, ব্যবসায়ীদের আছে, বাসার ড্রয়িং রুমে, বিভিন্ন জায়গায় বাসা-বাড়িতে যাই। তাদের সাথে আমার গল্প করি। 

বাসস : আসন্ন নির্বাচন দেশের গণতন্ত্রের জন্য কতটা গুরুত্বপূর্ণ মনে করেন আপনি?

হামিদুর রহমান: অবশ্যই গুরুত্বপূর্ণ। কারণ আমাদের জনগণ যদি ভোট দিয়ে নির্বাচিত করে সরকার গঠনের সুযোগ দেয়, তাহলে আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশের প্রতিটি স্তরে একটা সুন্দর পরিবেশ দিবেন। একই সঙ্গে একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশার কথাও জানান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত এই প্রার্থী।

ঢাকা-৭ আসন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ওয়ার্ড নং : ২৩, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ৩০, ৩১, ৩২, ৩৩, ৩৪, ৩৫, ৩৬, ৫৬ ও ৫৭ এলাকা নিয়ে গঠিত। এই আসনে ৪ লাখ ৭৯ হাজার ৩৭৭ জন ভোটার রয়েছেন। 

ধানের শীষ প্রতীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হামিদুর রহমান ছাড়াও আসনটিতে প্রতিদ্বন্দ্বিতাকারী অন্য প্রার্থীরা হলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ও ব্যবসায়ী হাফেজ মুহাম্মদ এনায়াত উল্লাহ্, জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ সাইফুদ্দিন আহমেদ মিলন (লাঙ্গল), বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) প্রার্থী সীমা দত্ত (কাঁচি), ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আবদুর রহমান (হাতপাখা), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট) প্রার্থী মাকসুদুর রহমান (ছড়ি), বাংলাদেশ জাতীয় পার্টির প্রার্থী মো. শহিদুল ইসলাম (কাঁঠাল), বাংলাদেশ খেলাফত আন্দোলন প্রার্থী মো. হাবিবুল্লাহ (বটগাছ), বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি) প্রার্থী শফিকুর রহমান (হাতি), জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি প্রার্থী শাহানা সেলিম (তারা) ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ইসহাক সরকার (ফুটবল)।