শিরোনাম

পটুয়াখালী, ৭ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন। তিনি ভূমি ও সীমানা বিরোধ নিষ্পত্তি এবং চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন। নিজের মেধা ও মননশীলতা দিয়ে এলাকার উন্নয়ন ত্বরান্বিত করার কথাও উল্লেখ করেন তিনি।
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি সাধারণ মানুষের আকাঙ্ক্ষা এবং তার আগামী পরিকল্পনার কথা জানান।
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) সংসদীয় ১১৩ নম্বর আসনে জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন হাসান মামুন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ছিলেন।
হাসান মামুন ‘ঘোড়া’ প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে লড়ছেন। দীর্ঘ ৩৪ বছর ধরে রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকার সুবাদে গলাচিপা ও দশমিনা উপজেলায় তার একটি শক্তিশালী সাংগঠনিক ভিত্তি রয়েছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। ফলে এ আসনে তার অংশগ্রহণ নির্বাচনী প্রতিযোগিতাকে আরও জমিয়ে তুলেছে।
তার সাক্ষাৎকার নিয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পটুয়াখালী জেলা ভ্রাম্যমাণ সংবাদদাতা এনামুল হক এনা।
বাসস: আপনার এলাকার ভোটারদের জন্য আপনার প্রধান নির্বাচনী প্রতিশ্রুতি কী?
হাসান মামুন: দশমিনা-গলাচিপার খ্যাতিমান পেশাজীবী, স্থানীয় জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষের মতামতের ভিত্তিতে ও আমার নিজস্ব ভিশন থেকে একটি পূর্ণাঙ্গ নির্বাচনী ইশতেহার প্রস্তুত করছি, যা শিগগিরই প্রকাশ করা হবে। উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া। আমাদের মত জনপ্রতিনিধির দায়িত্ব হচ্ছে নিজের মেধা ও মননশীলতা দিয়ে এই উন্নয়ন ত্বরান্বিত করা। কৃষি উৎপাদন বাড়াতে কার্যকর উদ্যোগ নেবো। ভূমি ও সীমানা বিরোধ নিষ্পত্তিতে ভূমিকা রাখবো। স্বাস্থ্য খাতের উন্নয়ন ও চরাঞ্চলে আধুনিক হাসপাতাল স্থাপনের ইচ্ছে আছে। হরিদেবপুর ব্রিজ নির্মাণ, রাস্তাঘাট ও স্কুল-কলেজের বেহাল অবস্থার উন্নয়ন আমার অগ্রাধিকার থাকবে ইনশাল্লাহ।
বাসস: নির্বাচনী আচরণবিধি পালনে আপনার দলীয় নেতাকর্মীদের প্রতি নির্দেশনা কী?
হাসান মামুন: আমার কর্মীরা আচরণবিধি পালনে সচেতন। তবে নির্বাচন কমিশন, রিটার্নিং অফিসার ও স্থানীয় প্রশাসনের আরও কঠোর ভূমিকা প্রয়োজন বলে আমি মনে করি। মোবাইল কোর্ট কার্যক্রম আরো জোরদার করা উচিত। সেনাবাহিনী মাঠে রয়েছে, তবে আচরণবিধি বাস্তবায়নে আরও সক্রিয় উদ্যোগ প্রত্যাশা করি। আমি আমার সকল নেতাকর্মীকে কঠোরভাবে আচরণবিধি পালনের নির্দেশ দিয়েছি।
বাসস: জুলাই সনদ ও গণভোট নিয়ে আপনার ব্যক্তিগত অবস্থান কী?
হাসান মামুন: জুলাই সনদ ও গণভোটের বিষয়ে আমার অবস্থান গোপন ব্যালটের মাধ্যমেই প্রকাশ করবো। ভোট একটি ব্যক্তিগত অধিকার, আমি সেটির সম্মান বজায় রাখতে চাই।
বাসস: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আপনার প্রত্যাশা কী?
হাসান মামুন: আমি একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করি। দীর্ঘ ১৭ বছরের ভোট সংকটের পর এবার যদি একটি গ্রহণযোগ্য নির্বাচন না হয়, তাহলে দেশ গভীর সংকটে পড়বে। প্রশাসনের প্রতি আহ্বান থাকবে—কোন দল ক্ষমতায় আসবে তা না দেখে, কেবল আইন ও সংবিধান অনুযায়ী দায়িত্ব পালন করুন।
বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার গলাচিপা ও দশমিনা উপজেলা নিয়ে গঠিত পটুয়াখালী-৩ সংসদীয় আসন। দেশের দক্ষিণাঞ্চলের এ আসনটি গুরুত্বপূর্ণ ও রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ আসন হিসেবে পরিচিত। ভৌগোলিক অবস্থান ও জনসংখ্যাগত কারণে এ আসনটি বরাবরই জাতীয় রাজনীতিতে বিশেষ গুরুত্ব বহন করে আসছে।
অন্যান্য প্রার্থীদের মধ্যে এ আসনে লড়ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মাদ শাহ আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আবু বক্কর সিদ্দিক এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর।
নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, গলাচিপা ও দশমিনা উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭৫ হাজার ৮৭১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৯ হাজার ২০ জন, নারী ভোটার ১ লাখ ৮৬ হাজার ৮৪৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৩ জন।