বাসস
  ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৪০

নাটোরকে গ্যাস সরবারহের আওতায় আনবো : নাটোর-২ আসনে গণসংহতি আন্দোলনের প্রার্থী তানিয়া

গণসংহতি আন্দোলনের প্রার্থী তাহামিদা ইসলাম তানিয়া। ছবি : বাসস

নাটোর, ১ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলা নিয়ে গঠিত নাটোর-২ আসন। জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে গণসংহতি আন্দোলনের প্রার্থী তাহামিদা ইসলাম তানিয়া। 

তিনি নাটোরকে গ্যাস সরবরাহের আওতায় নিয়ে আসার প্রত্যাশা ব্যক্ত করেছেন। এছাড়া মর্যাদার সঙ্গে ব্যক্তির জীবন যাপন নিশ্চিত করার কথা উল্লেখ করেন।

গণসংহতি আন্দোলনের কৃষক মজুর শ্রমিক সংহতির কেন্দ্রীয় কমিটি সাবেক সহসভাপতি এবং নারী সংহতির সদস্য তাহামিদা ইসলাম তানিয়া। তিনি বাংলাদেশ ছাত্র ফেডারেশন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি। মাথাল প্রতীকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে এ আসনে একমাত্র নারী সংসদ সদস্য প্রার্থী তাহামিদা ইসলাম তানিয়া। 

তিনি নির্বাচন নিয়ে নানা প্রশ্নের উত্তর দিয়েছেন। সাক্ষাৎকার নিয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) নাটোর জেলা সংবাদদাতা ফারাজী আহম্মদ রফিক বাবন।

বাসস : আপনার এলাকার ভোটারদের জন্যে আপনার নির্বাচনী প্রতিশ্রুতি কী?

তাহামিদা ইসলাম তানিয়া : নাটোরের বুক চিরে গ্যাস সরবরাহ সঞ্চালন লাইন রাজশাহী গেছে, কিন্তু নাটোরে গ্যাস সরবরাহ করা হয়নি। নাটোরে গ্যাস সরবরাহ নাটোরবাসীর প্রাণের দাবি। নাটোরকে গ্যাস সরবারহের আওতায় নিয়ে আসতে চাই। নাটোরবাসীকে এলপিজি সিলিন্ডার ক্রয়ের মাধ্যমে পকেট কাটার হাত থেকে রক্ষা করতে চাই।

দখলবাজ, সন্ত্রাস আর চাঁদাবাজিতে নাটোর আলোচিত। সন্ত্রাস আর চাঁদাবাজমুক্ত করে নাটোরকে শান্তির জনপদে পরিণত করতে চাই। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায়য় সকল পেশার মানুষ যেন মাথা উঁচু করে বাঁচতে পারে-সেই লক্ষ্য নিয়ে কাজ করে যেতে চাই।

বাসস : নির্বাচনী আচরণবিধি পালনে নেতা-কর্মীদের প্রতি আপনার নির্দেশনা কী?

তাহামিদা ইসলাম তানিয়া: নির্বাচনী আচরণবিধি পালনে দলের নেতা-কর্মীদের প্রয়োজনীয় দিক নিদের্শনা দেওয়া হয়েছে। কোনোক্রমেই আমার দলের নেতা-কর্মীবৃন্দ আচরণবিধি লঙ্ঘন করবেন না।

বাসস : জুলাই সনদ বিষয়ক গণভোট নিয়ে আপনার অবস্থান কী?

তাহামিদা ইসলাম তানিয়া : নতুন পথে যাত্রা শুরু করেছে বাংলাদেশ। আমাদের প্রত্যাশা, সাংবিধানিক সংস্কারের মাধ্যমে গণতান্ত্রিক বাংলাদেশ অভিযাত্রায় দেশ এগিয়ে যাক। এই লক্ষ্যে আমি ও আমার দলের সকলেই গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবেন। সকল ভোটারকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাই।

বাসস : আসন্ন সংসদ নির্বাচন নিয়ে আপনার প্রত্যাশা কী?

তাহামিদা ইসলাম তানিয়া : বিগত ১৭ বছর আমরা নির্বাচন করতে পারিনি, কোনো নাগরিক ভোট দিতে পারেনি। এই পরিস্থিতির উত্তরণ ঘটিয়ে নাগরিকদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া বড় অর্জন। দেশে বর্তমানে গণতান্ত্রিক অবস্থা বিরাজমান। আমি বিশ্বাস করি, আসন্ন ভোট নির্ণয় করবে-বাংলাদেশ কোন পথে যাবে। আপনি চোর-বাটপার-দুর্নীতিবাজদের ভোট দেবেন না কি সৎ, যোগ্য এবং ব্যক্তি ইমেজ বিবেচনায় প্রার্থীকে ভোট দেবেন, দেশ গড়ার সুযোগ দেবেন-এই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ভোটারদের উপরই ছেড়ে দিলাম।

নাটোর-২ আসন (নাটোর সদর ও নলডাঙ্গা) দুইটি পৌরসভা এবং ১২টি ইউনিয়ন নিয়ে গঠিত। আসনটিতে ১৫৬টি ভোট কেন্দ্র রয়েছে। মোট ভোটারের সংখ্যা চার লাখ ছয় হাজার ৮৮৬ জন। এর মধ্যে দুই লাখ এক হাজার ৬৫৪ জন পুরুষ, দুই লাখ পাঁচ হাজার ২৩ জন নারী এবং ৯ জন তৃতীয় লিঙ্গের।

এ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী অন্য প্রার্থীরা হলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা কমিটির নায়েবে আমীর ও কেন্দ্রীয় কমিটির মজলিশে সুরা’র সদস্য অধ্যাপক মো. ইউনুস আলী (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা কমিটির সভাপতি মোহাম্মদ আলী সিদ্দিকী (হাতপাখা), জাতীয় পার্টির জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. রকিব উদ্দিন কমল (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী ড. মো. নুরন্নবী মৃধা (ফুটবল)।