বাসস
  ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৩১

সন্ত্রাস ও মাদকমুক্ত নেত্রকোণা গড়ার অঙ্গীকার করেছেন ২ আসনের বিএনপি প্রার্থী ডা. আনোয়ারুল

নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল  (বিএনপি) মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক। ছবি: বাসস

নেত্রকোণা, ১ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল
 (বিএনপি) মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক সন্ত্রাস, মাদক ও দুর্নীতিমুক্ত পরিবেশ গড়ার অঙ্গীকার করেছেন। নেত্রকোণার পাঁচটি সংসদীয় আসনের মধ্যে ১৫৮ নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) আসনটি জেলার সদর আসন হওয়ায় এ আসনে সবসময়ই আলাদা দৃষ্টি থাকে রাজনৈতিক দল এবং ভোটারদের মধ্যে।

জেলা বিএনপির সভাপতি বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক বিগত সরকারের স্বৈরাচারী শাসনামলে নিজ দলের নেতাকর্মীদের বিভিন্নভাবে সাহায্য, সহযোগিতা করে দুঃসময়ে পাশে ছিলেন। নিজে একজন খ্যাতিমান চিকিৎসক। তাই মানুষের সেবায় নিজেকে বড় পরিসরে নিয়োজিত রাখার প্রত্যয়ে এবারের নির্বাচন নিয়ে তিনি বেশ আশাবাদী। 

তার সাক্ষাৎকার নিয়েছেন বাসস এর নেত্রকোণা জেলা সংবাদদাতা মো. তানভীর হায়াত খান। 

বাসস: আপনার এলাকার ভোটারদের জন্য আপনার প্রতিশ্রুতি কী ?

ডা. মো. আনোয়ারুল হক: দীর্ঘ ১৭ বছর পর উৎসাহ, উদ্দীপনা নিয়ে মানুষ উন্মুখ হয়ে আছে ভোট দেওয়ার জন্য। নেত্রকোণা সদর-বারহাট্টা সংসদীয় আসনসহ পুরো জেলা-ই বিগত দিনে অবহেলিত ছিল। বিশেষ করে বেহাল যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি শিক্ষাব্যবস্থা ও স্বাস্থ্যব্যবস্থাসহ সবগুলোতেই নানান জটিলতা রয়েছে। তাই এসব বিষয় আমরা গুরুত্ব দিবো। এবারের নির্বাচনে আমাদের নতুন যে প্রজন্ম প্রথমবার ভোট দিবে এবং যাদের পড়াশোনা ইতিমধ্যে শেষ হয়ে গেছে, তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা এবং নারীদের কর্মসংস্থানের লক্ষে শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার ইচ্ছে আছে আমাদের। আমাদের দলের চেয়ারম্যান মহোদয়ের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে এগিয়ে যাব। 

বাসস: নির্বাচনী আচারণবিধি পালনে নেতাকর্মীদের প্রতি আপনার নির্দেশনা কী ?

ডা. মো. আনোয়ারুল হক: আসন্ন নির্বাচনে তার দলের নেতাকর্মীদের আচরনবিধি মেনে চলার নির্দেশনা দিয়েছেন। “আচরণবিধি অবশ্যই মানতে হবে”। আমাদের নেতাকর্মীদের শতভাগ নিয়ম মেনে আগামীদিনে নির্বাচনী প্রচারণা চালানোর নির্দেশনা দিয়েছি এবং আগামীদিনেও তা দেখভাল করবো।" নিয়ম মেনে আমরা সরকারকে সহযোগিতা করবো, একে অন্যের প্রতি শ্রদ্ধাবোধ রাখব।"

বাসস: গণভোট নিয়ে আপনার অবস্থান কী ?

ডা. মো. আনোয়ারুল হক: "গণভোটের পক্ষে আমার অবস্থান, আমি সবাইকে বলবো গণভোটে আপনারা সকলে হ্যাঁ দিন, বাংলাদেশকে এগিয়ে নিতে হ্যাঁ ভোটের বিকল্প নাই, আমরা যদি একটি সুন্দর, জুলুম, নিপীড়ন, ফ্যাসিবাদ মুক্ত সুন্দর নতুন সংস্কারের বাংলাদেশ চাই তাহলে গণভোটে হ্যাঁ ভোটের বিকল্প নাই।"

বাসস: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আপনার প্রত্যাশা কী? 

ডা. মো. আনোয়ারুল হক: দীর্ঘ সতেরো বছর পর আমরা ফ্যাসিবাদমুক্ত একটি পরিবেশে নির্বাচনে অংশগ্রহণ করতে পেরেছি আলহামদুলিল্লাহ। "নেত্রকোণাবাসীর জন্য দখল, সন্ত্রাস চাঁদাবাজ, মাদক, দুর্নীতিমুক্ত সুন্দর, সুস্থ রাজনৈতিক পরিবেশ গড়তে মানুষের পাশে থেকে কাজ করতে আমি প্রতিজ্ঞাবদ্ধ।

নেত্রকোণা-২ (সদর -বারহাট্টা) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মোট পাঁচটি দলের পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক (ধানের শীষ) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী ফাহিম রহমান খান পাঠান (শাপলা কলি), ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আব্দুল কাইয়ুম (হাতপাখা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের আব্দুর রহিম (বটগাছ) এবং জাতীয় পার্টির এবিএম রফিকুল হক তালুকদার (লাঙ্গল) প্রতীক নিয়ে নির্বাচন করছেন।

নেত্রকোণা-২ (নেত্রকোণা সদর-বারহাট্টা) এ আসনটি নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১ টি পৌরসভা, ১৯ টি ইউনিয়ন, ১৭২ টি ভোট কেন্দ্র এবং ৯ শত ৪০ টি ভোট কক্ষ নিয়ে গঠিত।

এ আসনে মোট ৫ লাখ ২ হাজার ৪ শত ৩৮ জন ভোটার রয়েছেন, তার মধ্যে ২ লাখ ৫২ হাজার ৩ শত ৭৯ জন পুরুষ, ২ লাখ ৫০ হাজার ৪৭ জন মহিলা এবং ১২ জন তৃতীয় লিঙ্গের ভোটার। 

এবারের নির্বাচনে এ আসনে মোট পোস্টাল ভোটার আছেন ৫ হাজার ১ শত ৪ জন, এর মধ্যে ৩ হাজার ৪ শত ৯ জন পুরুষ এবং ১ হাজার ৬ শত ৯৫ জন মহিলা ভোটার।