বাসস
  ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:২১

চাঁদাবাজমুক্ত বৈষম্যহীন সমাজ বিনির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন ৪ আসনের স্বতন্ত্র প্রার্থী জাকেরীন

দেওয়ান জয়নুল জাকেরীন। ফাইল ছবি

সুনামগঞ্জ, ১ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): সুনামগঞ্জ-৪ (সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জয়নুল জাকেরীন চাঁদাবাজমুক্ত বৈষম্যহীন সমাজ বিনির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন। নিজ এলাকায় সম্প্রীতির বন্ধন আরো সুদৃঢ় ও জেলার সার্বিক উন্নয়ন নিশ্চিত করার আশা ব্যক্ত করেন তিনি। 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাসসের সাথে এক একান্ত সাক্ষাৎকারে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।
মরমি কবি হাসন রাজার প্রপৌত্র ও জেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি দেওয়ান জয়নুল জাকেরীন সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চারবারের এবং সুনামগঞ্জ পৌরসভার একবারের চেয়ারম্যান ছিলেন। তিনি ২০০১ সালের নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসনে (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ) ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নেন। 

এ আসনে অন্যান্য প্রার্থীরা হলেন জামায়াতে ইসলামীর জেলা কমিটির নায়েবে আমীর অ্যাডভোকেট মোহাম্মদ শামস উদ্দীন এবং ইসলামী আন্দোলনের প্রার্থী সংগঠনের জেলা সভাপতি মাওলানা শহীদুল ইসলাম পলাশী।

জয়নুল জাকেরীনের সাক্ষাৎকার নিয়েছেন বাসসের জেলা সংবাদদাতা মুহাম্মদ আমিনুল হক। 

বাসস: আপনার এলাকার ভোটারদের জন্য আপনার নির্বাচনী প্রতিশ্রুতি কী ?

জাকেরীন: আমি প্রথমেই বাংলাদেশ সংবাদ সংস্থাকে ধন্যবাদ জানাই এরকম একটি সাক্ষাৎকার এর আয়োজন করার জন্য।

আমি দীর্ঘদিন ধরে আমার জন্মভিটা সুনামগঞ্জ সদর উপজেলা ও বিশ্বম্ভরপুর উপজেলার মানুষের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত। সুনামগঞ্জ সদর উপজেলার ৪বার উপজেলা চেয়ারম্যান ও ১বার পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। এ সুবাদে আমি এই অঞ্চলের মানুষের কাছে ঋণী। যদিও আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) একজন সক্রীয় কর্মী। সুনামগঞ্জে ইতিপূর্বে জনপ্রতিনিধি হয়ে আমি অনেক উন্নয়ন করেছি। আমি নির্বাচিত হলে এই আসনে শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান ও সুষম বন্টন নিশ্চিত করবো।

বাসস: নির্বাচনী আচরণবিধি পালনে নেতাকর্মীদের প্রতি আপনার প্রতিশ্রুতি কী ?

জাকেরীন: আমার শৈশব ও যৌবনকাল কেটেছে নির্বাচন কেন্দ্রিক। তাই নির্বাচনী বিধি মেনে চলাকে আমি উত্তম মনে করি। এ পর্যন্ত আমি কোন প্রকার আচরণবিধি লঙ্ঘন করিনি। আমার নেতাকর্মীরাও করবে না। আমি তাদের বলে দিয়েছি নির্বাচনী বিধি মানার জন্য।

বাসস: জুলাই সনদ বিষয়ক গণভোট নিয়ে আপনার অবস্থান কী ?

জাকেরীন: প্রতিষ্ঠালগ্ন থেকে বিএনপির রাজনীতির সাথে রয়েছি। দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছি। আমি স্বৈরাচার বিরোধী আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলাম। জুলাই সনদ রাষ্ট্রের জন্য তাৎপর্যপূর্ণ অধ্যায়। আমি ও আমার কর্মীরা দেশের স্বার্থে হ্যাঁ ভোটের পক্ষে কাজ করছি।

বাসস: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আপনার প্রত্যাশা কী ?

জাকেরীন: আমার বিশ্বাস আগামীর জাতীয় সংসদ হবে বাংলাদেশকে পরিবর্তনের একটি সংসদ। এই সংসদে জুলাই সনদ বাস্তবায়ন হবে। আর আমি এই সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ও বিশ্বম্ভরপুর জনপদের মানুষের বিশ্বাস ও আস্থা নিয়ে নির্বাচনে অংশ গ্রহণ করেছি। আমি সুনামগঞ্জের মানুষের পাশের থাকার প্রতিজ্ঞা নিয়েছি। আমার জীবনের বাকী দিনগুলি আমি জনগণের সাথে থাকতে চাই, জনগণের জন্য কাজ করতে চাই। সেজন্য ভোটারদের অকুন্ঠ সমর্থনে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি।
সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-৪ আসন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪১ হাজার ৮৩৩ জন। পুরুষ ভোটার ১ লাখ ৭৩ হাজার ৩৬৮ জন, নারী ভোটার ১ লাখ ৬৮ হাজার ৪৬৩ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২ জন।