বাসস
  ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৫

স্পেন ও ফ্রান্সের তেল কোম্পানির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্টের বৈঠক

ঢাকা, ৫ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ দেশটির জ্বালানি খাত নিয়ে স্পেনের রেপসোল এবং ফ্রান্সের মোরেল অ্যান্ড প্রম-এর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন।

কারাকাস থেকে এএফপি জানায়, বুধবার ভেনেজুয়েলার রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি ‘পিডিভিএসএ’ এই বৈঠকের তথ্য নিশ্চিত করেছে।

প্রায় এক মাস আগে যুক্তরাষ্ট্রের এক অভিযানে বামপন্থি নেতা নিকোলাস মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার পর নতুন প্রশাসনের সঙ্গে বিদেশি বিনিয়োগকারীদের এটিই প্রথম বড় ধরনের কোনো আলোচনা।

পিডিভিএসএ-এর পৃথক দুটি বিবৃতিতে জানানো হয়, স্প্যানিশ কোম্পানি রেপসোলের সঙ্গে বৈঠকে পারস্পরিক সম্মান বজায় রেখে দেশের জ্বালানি নিরাপত্তা ও সার্বভৌমত্ব নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়েছে। দুই পক্ষই এমনভাবে কাজ করতে একমত হয়েছে যাতে উভয়ের স্বার্থ ও লাভ নিশ্চিত হয়।

অন্যদিকে, ফরাসি কোম্পানি মোরেল অ্যান্ড প্রম-এর সঙ্গে বৈঠকে কৌশলগত অংশীদারত্ব আরও মজবুত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। এর মূল লক্ষ্য হলো ভেনেজুয়েলার জ্বালানি উৎপাদন ক্ষমতা বাড়ানো।

উল্লেখ্য, রেপসোল এবং মোরেল অ্যান্ড প্রম দীর্ঘদিন ধরে ভেনেজুয়েলায় তেল উৎপাদন ও বাণিজ্যের সঙ্গে জড়িত। তবে যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞার কারণে গত কয়েক বছর ধরে তাদের স্বাভাবিক কার্যক্রম বারবার বাধাগ্রস্ত হয়েছে।