বাসস
  ১২ জুলাই ২০২৬, ১২:২৩
আপডেট : ১২ জুলাই ২০২৬, ১৩:৩০

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে অ্যাটর্নি জেনারেলের শোক

ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। ফাইল ছবি

ঢাকা, ১২ জুলাই, ২০২৬ (বাসস): সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার, ৫২’র ভাষা আন্দোলনের সৈনিক, সাবেক মন্ত্রী ও সুপ্রিম কোর্ট বারের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল এবং বাংলাদেশ বার কাউন্সিল চেয়ারম্যান, সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস (কাজল)।

আজ সকালে প্রকাশিত এক শোকবার্তায় তিনি বলেন, ‘ব্যারিস্টার মোহাম্মদ জমির উদ্দিন সরকার ছিলেন দেশের আইন অঙ্গন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও সাংবিধানিক পরিমণ্ডলের এক বিশিষ্ট ব্যক্তিত্ব। ন্যায়বিচার, সততা, আইনের শাসন এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তাঁর দীর্ঘ কর্মজীবনের অবদান জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।’

তিনি আরও বলেন, ‘একজন প্রাজ্ঞ আইনজীবী, সংসদীয় গণতন্ত্রের অভিভাবক এবং রাষ্ট্রনায়ক হিসেবে তিনি দেশের জন্য যে অবদান রেখে গেছেন, তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যু দেশের আইন অঙ্গন ও জাতীয় জীবনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি করেছে।’

তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহানুভূতি জ্ঞাপন করেন।