বাসস
  ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:২২
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৩০

একটি আসনে বিজয়ী ঘোষণা নিয়ে মিথ্যা তথ্য শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ

ছবি : ফ্যাক্টওয়াচ

ঢাকা, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : দাঁড়িপাল্লা বেশি ভোট পেলেও ধানের শীষকে বিজয়ী ঘোষণার দাবিটি সঠিক নয় বলে শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ।

ফ্যাক্টওয়াচ জানায়, দাঁড়িপাল্লা বেশি ভোট পেলেও ধানের শীষকে বিজয়ী ঘোষণার দাবিটি সঠিক নয় বলে শনাক্ত করা হয়েছে। 

অথচ ফেসবুকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের লালমনিরহাট-২ আসনের একটি ফলাফল শেয়ার করে দাবি করা হচ্ছে, ‘লালমনিরহাট-২ আসনে ভোট বেশি পেয়েছে দাঁড়িপাল্লা, আর বিজয়ী হলো ধানের শীষ।’

ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, দাবিটি সঠিক নয়। ফেসবুকে প্রচারিত প্রাথমিক বেসরকারি ফলাফলের যে বার্তা শিটের ছবিটি প্রচার করা হচ্ছে, সেটি লালমনিরহাট-২ আসনের সব কেন্দ্রের ফলাফল নয়। 

এই আসনটিতে মোট কেন্দ্র রয়েছে ১৫৫টি। কিন্তু ফেসবুকে প্রচারিত ফলাফলটি ৮৩টি কেন্দ্রের।

ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময় থেকে ভারতীয় গণমাধ্যম, ভারত থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট এবং দেশের কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। 

এই সব অপতথ্য, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার, চব্বিশের আন্দোলনে অংশ নেওয়া দল ও সংগঠনকে লক্ষ্য করে ছড়ানো হচ্ছে। 

পাশাপাশি সাম্প্রতিক নানা বিষয়ে অপতথ্য মিথ্যা গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করা হচ্ছে।

দেশে চলমান গুজব ও ভুয়া তথ্য ছড়ানো ঠেকাতে ফ্যাক্টওয়াচ কাজ করছে। প্রতিষ্ঠানটি লিবারেল আর্টস বাংলাদেশ বিশ্ববিদ্যালয় অনুমোদিত এবং সেন্টার ফর ক্রিটিক্যাল অ্যান্ড কোয়ালিটেটিভ স্টাডিজ (সিকিউএস) পরিচালিত স্বাধীন ফ্যাক্ট-চেকিং সংস্থা।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ভিডিও, বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানোর ঘটনা বেড়েছে। 

ফ্যাক্টওয়াচ সে সব বিষয় নিয়মিতভাবে যাচাই করে সত্য তুলে ধরছে এবং গুজব প্রতিরোধে কাজ করছে।