বাসস
  ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:২০

নির্বাচন-পরবর্তী বাংলাদেশে সাম্প্রদায়িক হামলার দাবিতে গুজব শনাক্ত : বাংলাফ্যাক্ট

ছবি: বাংলাফ্যাক্ট

ঢাকা, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : নির্বাচন-পরবর্তী বাংলাদেশে সাম্প্রদায়িক হামলার দাবি করে ছড়ানো একটি গুজব শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর ফ্যাক্টচেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট জানায়, নির্বাচন-পরবর্তী সময়ে দেশে সাম্প্রদায়িক হামলা হয়েছে-এমন দাবি তুলে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ প্রচার করা হচ্ছে।

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ‘জামায়াতে ইসলামী নির্বাচনে পরাজিত হওয়ার পর বাংলাদেশে ইসলামপন্থীরা হিন্দুদের ওপর হামলা শুরু করেছে’- এ দাবি করে ভিডিওটি ছড়ানো হয়েছে।

তবে বাংলাফ্যাক্টের অনুসন্ধানে জানা যায়, ভিডিওটি নির্বাচন-পরবর্তী কোনো ঘটনার নয়। এটি গত ৩১ ডিসেম্বর থেকেই ইন্টারনেটে পাওয়া যাচ্ছে। ওই সময় ভিডিওটি ‘খালেদা জিয়ার জানাজায় এসে জয় বাংলা স্লোগান: জনগণের হাতে একজন আটক...’- এই ক্যাপশনে প্রচারিত হয়েছিল।

ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলোর তথ্য অনুযায়ী, ২০২৪ সালের গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে ভারতীয় গণমাধ্যম, ভারত থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং দেশের কিছু ফেইসবুক পেইজ থেকে বাংলাদেশকে ঘিরে ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। এসব অপতথ্য বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার এবং ২০২৪ সালের আন্দোলনে অংশ নেওয়া দল ও সংগঠনগুলোকে লক্ষ্য করে প্রচার করা হচ্ছে।

বাংলাফ্যাক্ট হলো পিআইবি’র ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম। তারা নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরে এবং গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণা করে।

ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য ইতোমধ্যে শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট। দেশে গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে প্রতিষ্ঠানটি দায়িত্ব পালন করছে।