শিরোনাম

ঢাকা, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাল ভোট পড়া নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-কে উদ্ধৃত করে ভুল ও অপতথ্য ছড়ানো হচ্ছে। এ ব্যাপারে সকলকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া ও হলফনামাভিত্তিক পর্যবেক্ষণ’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপস্থাপিত তথ্যকে ভুলভাবে প্রচার ও প্রকাশ করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে।
এ বিষয়ে গণমাধ্যমকে অতি দ্রুত এ ভুল সংশোধনসহ বিভ্রান্তি প্রতিরোধে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, টিআইবি’র মাঠ পর্যায়ের গবেষণার জন্য দৈবচয়ন পদ্ধতিতে নমুনা ভিত্তিকভাবে নির্বাচিত ৭০টি আসনের মধ্যে ২১ দশমিক ৪ শতাংশ আসনে এক বা একাধিক জালভোট প্রদানের ঘটনার তথ্য পাওয়া গেছে।
এ তথ্যকে পুরো নির্বাচনে ২১ দশমিক ৪ শতাংশ জালভোট পড়েছে— এমনভাবে ব্যাখ্যা করা সম্পূর্ণ ভুল, ভিত্তিহীন ও অমূলক।
এ প্রেক্ষিতে যে সব গণমাধ্যম ইতোমধ্যে এই তথ্যকে ভুলভাবে ব্যাখ্যা বা উপস্থাপন করেছে, তাদের যথাযথ সংশোধনী প্রকাশের জন্য অনুরোধ জানানো হয়।