শিরোনাম

ঢাকা, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জেরে বাড়িঘরে অগ্নিসংযোগ করা হয়েছে, এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো একটি ভিডিওকে পুরনো বলে শনাক্ত করেছে ‘ফ্যাক্টওয়াচ’।
ফ্যাক্টওয়াচ জানায়, ফেসবুকে ভাইরাল হওয়া ওই ভিডিওটি কুমিল্লার দেবিদ্বারের ঘটনা বলে দাবি করা হচ্ছে।
তবে ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা গেছে, ভিডিওটি সাম্প্রতিক নয়। নির্বাচনের অন্তত এক মাস আগে থেকেই এটি ফেসবুকে পাওয়া যাচ্ছে।
ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলোর পর্যবেক্ষণ অনুযায়ী, চব্বিশের গণঅভ্যুত্থান-পরবর্তী সময় থেকে ভারতীয় গণমাধ্যম, ভারত থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং দেশের কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। এসব অপতথ্য বিশেষ করে অন্তর্বর্তীকাল সরকার এবং চব্বিশের আন্দোলনে অংশ নেওয়া দল ও সংগঠনগুলোকে লক্ষ্য করে ছড়ানো হচ্ছে।
দেশে চলমান গুজব ও ভুয়া তথ্য প্রতিরোধে ফ্যাক্টওয়াচ কাজ করছে। প্রতিষ্ঠানটি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ অনুমোদিত এবং সেন্টার ফর ক্রিটিক্যাল অ্যান্ড কোয়ালিটেটিভ স্টাডিজ (সিকিউএস) পরিচালিত একটি স্বাধীন ফ্যাক্ট-চেকিং সংস্থা।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ভিডিও, বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানোর ঘটনা বেড়েছে। ফ্যাক্টওয়াচ এসব বিষয় নিয়মিত যাচাই করে তথ্য-প্রমাণের ভিত্তিতে সত্য তুলে ধরছে এবং গুজব প্রতিরোধে কাজ চালিয়ে যাচ্ছে।