শিরোনাম

ঢাকা, ২২ আগস্ট ২০২৬ (বাসস) : টেস্টের একই ইনিংসে চতুর্থবারের মতো ডাক মারলেন বাংলাদেশের ওপেনাররা।
আজ শনিবার থেকে ম্যাকাইয়ে শুরু হওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে ডাক মারেন বাংলাদেশের দুই ওপেনার সাদমান ইসলাম ও তানজিদ হাসান। টেস্ট ক্রিকেটে এনিয়ে চতুর্থবার একই ইনিংসে শূন্য হাতে সাজঘরে ফিরলেন বাংলাদেশের ওপেনাররা।
অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্কের করা টেস্টের প্রথম ডেলিভারিতে আউট হন সাদমান ইসলাম। অন্য ওপেনার তানজিদ ২ বল খেলে খালি হাতে বিদায় নেন।
এর আগে ২০১০ সালে প্রথম টেস্টের এক ইনিংসে ডাক মারেন বাংলাদেশের ওপেনাররা। মিরপুরে ভারতের বিপক্ষে ওপেনার হিসেবে খেলতে নেমে ডাক মেরেছিলেন তামিম ইকবাল ও ইমরুল কায়েস।
এরপর ২০১৪ সালে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে খালি হাতে বিদায় নেন তামিম ইকবাল ও শামসুর রহমান।
২০২২ সালে মিরপুরে শ্রীলংকার বিপক্ষে টেস্টেও একই ইনিংসে তৃতীয়বারের মত ডাক মারেন বাংলাদেশের ওপেনাররা। ঐবারও ওপেনার হিসেবে ছিলেন তামিম। আর তার সঙ্গী ছিলেন মাহমুদুল হাসান জয়।
চার বছর পর আবারও টেস্টের একই ইনিংসে রানের খাতা খোলার আগে বিদায় নিল বাংলাদেশের ওপেনাররা।
টেস্টের একই ইনিংসে বাংলাদেশের ওপেনারদের ডাকের তালিকা :
তামিম ইকবাল ও ইমরুল কায়েস (প্রতিপক্ষ-ভারত, মিরপুর, ২০১০)।
তামিম ইকবাল ও শামসুর রহমান (প্রতিপক্ষ-জিম্বাবুয়ে, মিরপুর, ২০১৪)।
তামিম ইকবাল ও মাহমুদুল হাসান জয় (প্রতিপক্ষ-শ্রীলংকা, মিরপুর, ২০২২)।
সাদমান ইসলাম ও তানজিদ হাসান তামিম (প্রতিপক্ষ-অস্ট্রেলিয়া, ম্যাকাই, ২০২৬)।