বাসস
  ২২ আগস্ট ২০২৬, ১৮:৪৬

বোলারদের নৈপুন্যে পাকিস্তানকে তিনদিনে হারাল ইংল্যান্ড

ঢাকা, ২২ আগস্ট ২০২৬ (বাসস): বোলারদের দুর্দান্ত নৈপুন্যে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানকে ইনিংস ও ১০৩ রানের বড় ব্যবধানে হারিয়েছে স্বাগতিক ইংল্যান্ড। তিন দিনে টেস্ট জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ইংলিশরা।

লিডসে দ্বিতীয় দিন শেষে ২ উইকেট হাতে নিয়ে ১৯৫ রানে এগিয়ে ছিল ইংল্যান্ড। প্রথম ইনিংসে পাকিস্তানের ১৭১ রানের জবাবে ৮ উইকেটে ৩৬৬ রান করেছিল তারা। জেমি স্মিথ ১৬ ও জোফরা আর্চার শূন্য রানে অপরাজিত ছিলেন। 

তৃতীয় দিন বাকী ২ উইকেটে ৪৩ রান যোগ করে ৪০৯ রানে অলআউট হয় ইংল্যান্ড। ফলে প্রথম ইনিংস থেকে ২৩৮ রানের লিড পায় ইংলিশরা। 

দিনের প্রথম ব্যাটার হিসেবে ২৫ রানে থামেন স্মিথ। শেষ ব্যাটার হিসেবে জশ টাং ব্যক্তিগত ৮ রানে আউট হলে শেষ হয় ইংল্যান্ডের ইনিংস। ২৩ রানে অপরাজিত থাকেন আর্চার। 

বোলিংয়ে পাকিস্তানের আলি উসমান ৫টি, খুররাম শাহজাদ ৩টি, মোহাম্মদ আব্বাস ও মোহাম্মদ আলি ১টি করে উইকেট নেন। 

২৩৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে ইংল্যান্ডের চার পেসারের তোপে ৩৭.৩ ওভারে ১৩৫ রানে অলআউট হয় পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৪১ রান করেন উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান। এছাড়া শান মাসুদ ২৯, আব্দুল্লাহ শফিক ১৫ ও সৌদ শাকিল ১৪ রান করেন। 

ইংল্যান্ডের ওলি রবিনসন-আর্চার ও জশ টাং ৩টি করে এবং অ্যাটকিনসন ১টি উইকেট শিকার করেন। প্রথম ইনিংসে সমান ৫টি করে উইকেট নিয়েছিলেন রবিনসন ও টাং। ম্যাচে ৮ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন রবিনসন। 

এই ম্যাচ হেরে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের তলানিতে নেমে গেলে পাকিস্তান। ৭ ম্যাচে ২ জয় ও ৫ হারে ১৯.০৫ শতাংশ পয়েন্ট আছে তাদের। ১৪ ম্যাচে ৫ জয়, ৮ হার ও ১ ড্র’তে ২৯.৭৬ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে আছে ইংলিশরা। 

আগামী ২৭ আগস্ট থেকে লর্ডসে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে নামবে ইংল্যান্ড ও পাকিস্তান।