শিরোনাম

ঢাকা, ১ জুন ২০২৬ (বাসস) : ঈদের বিরতির পর আগামীকাল থেকে আবারও মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। ইতোমধ্যে লিগের সাত রাউন্ড শেষ হয়েছে।
শিরোপা জয়ের লক্ষ্যে লিগের বাকী রাউন্ডগুলোতে নিজেদের উজার করে দিতেই মাঠে নামবে অংশগ্রহণকারী ১২টি ক্লাব।
ঘরের মাঠে আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের আগে ডিপিএলের কয়েকটি রাউন্ড বাংলাদেশের ক্রিকেটারদের জন্য প্রস্তুতির মঞ্চ হিসেবে কাজ করবে। অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতি শুরুর আগে জাতীয় দলের ক্রিকেটারদের দুই রাউন্ড খেলার কথা রয়েছে।
অষ্টম রাউন্ড দিয়ে ডিপিএলে ফিরতে যাচ্ছেন দুই পেসার তাসকিন আহমেদ ও নাহিদ রানা। মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলবেন তারা। তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তানজিদ হাসান তামিম, নাসুম আহমেদ এবং শামীম পাটোয়ারীসহ জাতীয় দলের অন্যান্য তারকারাও মাঠে নামবেন বলে আশা করা হচ্ছে।
জাতীয় ক্রিকেটারদের অংশগ্রহণ প্রতিযোগিতার মান এবং দর্শকদের আগ্রহ বাড়াবে বলে ধারণা করা হচ্ছে। ঈদের বিরতির পর খেলোয়াড়দের ছন্দে ফেরার পাশাপাশি প্রতিযোগিতামূলক ক্রিকেটের সাথে মানিয়ে নেওয়ারও সুযোগ থাকবে।
সাত রাউন্ড শেষে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। সমান ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড।
১০ পয়েন্ট থাকলেও রান রেটে পিছিয়ে তৃতীয় স্থানে আছে লিজেন্ডস অব রূপগঞ্জ।
সমান ৮ পয়েন্ট আছে ঢাকা লিওপার্ডস, সিটি ক্লাব ও বসুন্ধরা স্ট্রাইকার্সের।
ডিপিএলের অষ্টম রাউন্ডের সূচি :
আবাহনী লিমিটেড-গুলশান ক্রিকেট ক্লাব, ভেন্যু- বিকেএসপি-৪
মোহামেডান স্পোর্টিং ক্লাব-লিজেন্ডস অব রূপগঞ্জ, ভেন্যু- মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম
গাজী গ্রুপ ক্রিকেটার্স-ঢাকা লিওপার্ডস, ভেন্যু- বসুন্ধরা
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব-ব্রাদার্স ইউনিয়ন, ভেন্যু- পিকেএসপি ২
বসুন্ধরা স্ট্রাইকার্স-রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব, ভেন্যু- ক্রিকেটার্স একাডেমি
অগ্রণী ব্যাংক-সিটি ক্লাব, ভেন্যু- বিকেএসপি ৩
প্রতিটি ম্যাচ সকাল ৯টায় শুরু হবে। টি স্পোর্টস টিভি চ্যানেল ও ইউটিউব চ্যানেলে ম্যাচগুলো সরাসরি দেখা যাবে।