শিরোনাম

ঢাকা, ৮ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : জুনিয়র নারী এশিয়া কাপ হকিতে হ্যাটট্রিক জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ দল।
এশিয়া কাপের চ্যালেঞ্জার পুলে নিজেদের তৃতীয় ম্যাচে আজ বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল ৪-০ গোলে হারিয়েছে কাজাখস্তানকে।
নিজেদের প্রথম দুই ম্যাচে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে এবং পাকিস্তানকে ৫-১ গোলে হারায় বাংলাদেশ।
৩ ম্যাচে ৩ জয়ে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে শেষ আট নিশ্চিত করেছে বাংলাদেশ।
টুর্নামেন্টের নিয়মানুযায়ী, চ্যালেঞ্জার পুলের শীর্ষ তিন দল এবং এলিট পুলের পাঁচ দল কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে।
চীনের হুলুনবুইর সিটিতে অনুষ্ঠিত ম্যাচের তৃতীয় মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন অধিনায়ক সারিকা রিমন।
১৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বাংলাদেশের মোসাম্মত আক্তার। তার ফিল্ড গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।
বাংলাদেশের হয়ে ৪৬ মিনিটে তৃতীয় গোল করেন মোসাম্মত লিমা। ফিল্ড গোল করেন লিমা।
৫১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে নিজের দ্বিতীয় গোল করেন সারিকা। এতে ৪-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
আগামীকাল চ্যালেঞ্জার পুলে নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ।
এই নিয়ে দ্বিতীয়বারের মতো জুনিয়র এশিয়া কাপে খেলছে বাংলাদেশ নারী দল। এর আগে ২০২৩ সালে অংশ নিয়েছিল তারা। আসরে নবম স্থানে থেকে অভিযান শেষ করেছিল বাংলাদেশ।