শিরোনাম

ঢাকা, ৮ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : আগামী বছর দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপকে সামনে রেখে ইংল্যান্ড ক্রিকেট দলের ‘বিশেষজ্ঞ পরামর্শক’ হিসেবে যোগ দিয়েছেন দেশটির সাবেক অধিনায়ক কেভিন পিটারসেন।
ইংল্যান্ড ওয়ানডে দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন ব্রেন্ডন ম্যাককালাম। তার সাথেই কাজ করবেন পিটারসেন।
চলতি মাসের শেষ দিকে ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে ইংল্যান্ড। ওই সিরিজে দলের সাথে যোগ দেবেন পিটারসেন।
২০২৭ সালের অক্টোবর থেকে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়ায় শুরু হবে বিশ্বকাপ।
ইংল্যান্ডের হয়ে ১০৪টি টেস্টে ৮ হাজার ১৮১, ১৩৬ ওয়ানডেতে ৪ হাজার ৪৪০ রান এবং ৩৭ টি-টোয়েন্টিতে ১ হাজার ১৭৬ রান করেছেন ৪৬ বছর বয়সি পিটারসেন।
নতুন দায়িত্ব নিয়ে পিটারসেন বলেন, ‘দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ জয়ের যাত্রায় এই দলকে সহায়তার সুযোগ পেয়েআমি অত্যন্ত গর্বিত। ২০১৪ সালের পর প্রথমবারের মতো ইংল্যান্ডের জার্সি গায়ে জড়ানো সম্মানের এবং বিশেষ এক মুহূর্ত।’
তিনি আরও বলেন, ‘সাদা বলের দলে অবিশ্বাস্য প্রতিভাবান সব খেলোয়াড় আছে। তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কঠোর পরিশ্রম করার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।’
পিটারসেনকে নিয়ে ইংল্যান্ডের প্রধান কোচ ম্যাককালাম বলেন, ‘ইংলিশ ক্রিকেটে পিটারসেনের প্রভাব ছিল অসাধারণ। তার মতো অভিজ্ঞতা, জ্ঞান ও মর্যাদাসম্পন্ন একজন ব্যক্তি যখন এই দলের সাথে যুক্ত হতে আগ্রহ প্রকাশ করেন, তখন তা নিঃসন্দেহে একটি দারুণ ব্যাপার।’