বাসস
  ০১ জুন ২০২৬, ২১:১৬

টি-টোয়েন্টিতে রেকর্ড দ্বিতীয়বার ৩শ’ রান নেপালের

ঢাকা, ১ জুন ২০২৬ (বাসস) : বিশ্বের প্রথম দল হিসেবে টি-টোয়েন্টিতে রেকর্ড দ্বিতীয়বার ৩শ’ রানের মাইলফলক স্পর্শ করল নেপাল ক্রিকেট দল। 

সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশিয়ান গেমস বাছাই পর্বে গতকাল গ্রুপ-‘এ’তে চীনের বিপক্ষে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ২ উইকেটে ৩১৩ রান করে নেপাল। এই নিয়ে দ্বিতীয়বার টি-টোয়েন্টিতে ৩শ’ রানের কোটা স্পর্শ করল তারা। এর আগে ২০২৩ সালে চীনে মঙ্গোলিয়ার বিপক্ষে ২০ ওভারে ৩ উইকেটে ১৪ রান করেছিল নেপাল। 

এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে পাঁচবার ৩শ’ বা তার বেশি রান হয়েছে। এরমধ্যে নেপালই সর্বোচ্চ দু’বার ৩শ’ রানের মাইলফলক স্পর্শ করল। জিম্বাবুয়ে, ইংল্যান্ড ও জার্মানি একবার করে ৩শ রানের মাইলফলক স্পর্শ করে। 

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড জিম্বাবুয়ের। ২০২৪ সালে নাইরোবিতে গাম্বিয়ার বিপক্ষে ২০ ওভারে ৪ উইকেটে ৩৪৪ রান করেছিল জিম্বাবুয়ে।