বাসস
  ০১ জুন ২০২৬, ১৯:৪৬

সরাসরি চুক্তিতে লিটনকে দলে নিল গল গ্যালান্টসে

ঢাকা, ১ জুন ২০২৬ (বাসস) : সরসারি চুক্তিতে বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাসকে দলে ভিড়িয়েছে লঙ্কান প্রিমিয়ার লিগের (এলপিএল) ফ্র্যাঞ্চাইজি গল গ্যালান্টস। আগামী এলপিএলে গল গ্যালান্টসের জার্সিতে দেখা যাবে লিটনকে। 

প্লেয়ার্স ড্রাফটের আগেই লিটনকে দলে নেওয়ায় খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে নিশ্চিত করেছে গল গ্যালান্টস। তারা লিখেছে, ‘বাংলাদেশ, তোমাদের তারকা এসে গেছে। গল গ্যালান্টসের হয়ে ২০২৬ সালের এলপিএল আলোকিত করতে লিটন দাস প্রস্তুত।’

এর আগে একবার এলপিএলে খেলেছেন লিটন। ২০২৪ সালে গল টাইটানসের হয়ে তিন ম্যাচে ৩৪ রান করেছিলেন তিনি।

এলপিএল ছাড়াও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল), ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) এবং কানাডার গ্লোবল টি-টোয়েন্টিসহ বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন লিটন। 

এলপিএল প্লেয়ার্স ড্রাফট থেকে বাংলাদেশের আরও কয়েকজন খেলোয়াড় খেলার সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে। 

লিটনের আগে সরাসরি চুক্তিতে ইতোমধ্যে দল পেয়েছেন সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ। সরাসরি চুক্তিতে সাকিব-তাসকিনকে দলে ভিড়িয়েছে চারবারের চ্যাম্পিয়ন জাফনা কিংস।

আগামী ১৭ জুলাই থেকে পাঁচ দলের এলপিএল শুরু হবে। ৮ আগস্ট ফাইনাল দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টের।