শিরোনাম

ঢাকা, ৩১ মে ২০২৬ (এএফপি) : আসন্ন বিশ্বকাপে সহ-আয়োজক যুক্তরাষ্ট্র দলের অধিনায়ক হিসেবে অভিজ্ঞ ডিফেন্ডার টিম রিমকে বেছে নিয়েছেন প্রধান কোচ মরিসিও পোচত্তিনো।
পোচেত্তিনো বলেন, ৩৮ বছর বয়সী সেন্টার-ব্যাক রিমের অভিজ্ঞতা ও নেতৃত্বগুণ তাকে এই দায়িত্বের জন্য স্বাভাবিক পছন্দে পরিণত করেছে। রিম দীর্ঘ এক দশকেরও বেশি সময় ইংল্যান্ডের ফুলহ্যাম ও বোল্টন ওয়ান্ডার্সের হয়ে খেলেছেন।
কোচ বলেন, “আমি দায়িত্ব নেওয়ার পর তিনিই ছিলেন আমার প্রথম অধিনায়ক। তিনি আমাদের সঙ্গে আছেন, এজন্য আমি খুবই কৃতজ্ঞ। তার মতো ব্যক্তিত্ব ও চরিত্রের একজন খেলোয়াড়কে দলে পাওয়া সৌভাগ্যের বিষয়। তিনি তরুণ খেলোয়াড়দের সাহায্য করছেন এবং তাদের পথ দেখাচ্ছেন।”
২০২৪ সালের সেপ্টেম্বরে দায়িত্ব নেওয়ার পর থেকে পোচেত্তিনোর অধীনে ২৩ ম্যাচের মধ্যে ১৬টিতে যুক্তরাষ্ট্রকে নেতৃত্ব দিয়েছেন রিম। তিনি কোচের জন্য ড্রেসিংরুমে অভিজ্ঞ ও গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে কাজ করেছেন।
তবে পোচেত্তিনো স্পষ্ট করে দিয়েছেন, অধিনায়ক হওয়া মানেই রিমের শুরুর একাদশে জায়গা নিশ্চিত নয়। বিশ্বকাপে খেললে তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী বিশ্বকাপ ফুটবলার হবেন।
রিম বলেন, “বিশ্বকাপে নিজের দেশকে নেতৃত্ব দেওয়া স্বপ্নপূরণের চেয়েও বেশি কিছু। এটি সর্বোচ্চ সম্মানের বিষয়।”
যুক্তরাষ্ট্র ১২ জুন লস অ্যাঞ্জেলেসে নিজেদের প্রথম ম্যাচে প্যারাগুয়েল মুখোমুখি হবে। গ্রুপ ‘ডি’-তে আরও রয়েছে অস্ট্রেলিয়া ও তুরষ্ক।
সহ-আয়োজক হিসেবে যুক্তরাষ্ট্র তাদের সব ম্যাচ নিজ দেশের মাটিতে খেলবে এবং কঠিন হলেও তুলনামূলক ভারসাম্যপূর্ণ এই গ্রুপ থেকে পরের পর্বে যাওয়ার অন্যতম দাবিদার বলে বিবেচিত হচ্ছে।
পোচেত্তিনো আগেও বিশ্বকাপ জয়ের লক্ষ্য প্রকাশ করেছিলেন। যদিও ফান্স, স্পেন এবং তার জন্মভূমি আর্জেন্টিনার মতো শক্তিশালী দলের উপস্থিতিতে তা বড় ধরনের অঘটন হিসেবেই গণ্য হবে। পোচেত্তিনো বলেন, “যুক্তরাষ্ট্র জাতীয় দলের পুরো কাঠামো এমনভাবে গড়ে তোলা হয়েছে যাতে দল বিশ্বকাপ জিততে পারে, অথবা অন্তত সেরাদের মধ্যে থাকতে পারে।”
তার বর্তমান চুক্তির মেয়াদ বিশ্বকাপ শেষেই শেষ হবে। তবে সংবাদ সম্মেলনে ইতালির ক্লাব এসি মিলানের সঙ্গে তার সম্ভাব্য আলোচনার গুঞ্জন নিয়ে কোনো প্রশ্ন করা হয়নি।