শিরোনাম

ঢাকা, ৩১ মে, ২০২৬ (বাসস) : আর্সেনালকে রুদ্ধশ্বাস ফাইনালে পেনাল্টি শুটআউটে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর পিএসজি কোচ লুইস এনরিকে বলেছেন, এক বছর আগে জেতা প্রথম ইউরোপীয় শিরোপার চেয়েও এবারের সাফল্য “আরও বড়”।
বুদাপেস্টের পুসকাস এরেনাতে ম্যাচ-পরবর্তী উদযাপনের সময় তিনি সম্প্রচারমাধ্যম ক্যানাল প্লাসকে বলেন, “এটি আরও বড় অর্জন, কারণ আমরা জানতাম আর্সেনালের বিপক্ষে খেলা কতটা কঠিন হবে। আমাদের দল এবং শহরের জন্য এই ট্রফি জেতা অবিশ্বাস্য এক অনুভূতি।”
অতিরিক্ত সময়সহ ১২০ মিনিটের লড়াই শেষে ১-১ সমতায় থাকা ম্যাচে পেনাল্টি শুটআউটে ৪-৩ ব্যবধানে জয় পায় পিএসজি।
হাঙ্গেরির রাজধানীতে ম্যাচের ষষ্ঠ মিনিটেই কেই হাভার্টজ গোল করে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনালকে এগিয়ে দেন। তবে ৬৫তম মিনিটে ওসমানে ডেম্বেলে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান।
পরে কাভিচা কভারাতসখেলিয়ার একটি শট পোস্টে লেগে ফিরে আসে। তবুও আর্সেনাল ম্যাচকে অতিরিক্ত সময় এবং পরে টাইব্রেকারে নিয়ে যেতে সক্ষম হয়।
পেনাল্টি শুটআউটে পিএসজির পাঁচ খেলোয়াড়ের মধ্যে কেবল নুনো মেনডেস গোল করতে ব্যর্থ হন। অন্যদিকে আর্সেনালের হয়ে প্রথমে এবেরেচি এজে মিস করেন, এরপর শেষ শটে গ্যাব্রিয়েল বল অনেক ওপর দিয়ে মারলে ট্রফি নিশ্চিত হয় পিএসজির।
লুইস এনরিকে বলেন, “পুরো মৌসুমের পারফরম্যান্স বিবেচনায় আমরা এই শিরোপার যোগ্য ছিলাম, যদিও ফাইনালটি ছিল খুবই প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।”
এই জয়ের মাধ্যমে ২০১৬ থেকে ২০১৮ সালের মধ্যে রিয়াল মাদ্রিদেও পর প্রথম কোন দল হিসেবে টানা দুইবার চ্যাম্পিয়ন্স লিগ জিতল পিএসজি।
২০১৫ সালে বার্সেলোনাকে চ্যাম্পিয়ন্স লিগ জেতানোর পর এটি এনরিকের তৃতীয় ইউরোপিয়ান কাপ শিরোপা। ফলে তিনি কার্লোন আনচেলত্তি, জিনেদিন জিদান, বব পেইসলে ও পেপ গার্দিওলার সঙ্গে তিনবার ইউরোপিয়ান কাপ জয়ী কোচদের বিশেষ তালিকায় জায়গা করে নিলেন।
কাতার-সমর্থিত পিএসজি গত বছর ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ গোলে বিধ্বস্ত করে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো ইউরোপীয় ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ট্রফি জিতেছিল।
২০১৩ সাল থেকে পিএসজিতে খেলা অধিনায়ক মারকুইনহোস বলেন, “এবারের অনুভূতিটা আলাদা। টানা দুইবার এটি করতে পারা অবিশ্বাস্য। আমরা দেখিয়েছি, এই ট্রফি জয়ের জন্য আমাদের কতটা তীব্র ইচ্ছা ছিল।”
তিনি আরও বলেন, “মৌসুমের শুরুতেই কোচ বলেছিলেন, একবার এই ট্রফি জেতা কঠিন, কিন্তু দ্বিতীয়বার জেতা আরও কঠিন। সেটাই ছিল আমাদের লক্ষ্য, আর আজ আমরা সেই মানসিকতারই প্রমাণ দিয়েছি।”
গত এক দশকে এটিই ছিল প্রথম চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল, যার নিষ্পত্তি হয়েছে পেনাল্টি শুটআউটে। পাশাপাশি ২০১৪ সালের পর এই প্রথম কোনো দল ফাইনালে প্রথমে গোল হজম করেও শেষ পর্যন্ত শিরোপা জিতল।
এই মৌসুমে পিএসজি এর আগেও পেনাল্টি শুটআউটে উয়েফা সুপার কাপ, ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ ও ফ্রেঞ্চ চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে।
সব মিলিয়ে তারা মৌসুম শেষ করল পাঁচটি ট্রফি নিয়ে, যার মধ্যে রয়েছে লিগ ওয়ান শিরোপাও।
শনিবারের এই জয়ের ফলে আগামী মৌসুমের শুরুতে ১২ আগস্ট অস্ট্রিয়ার সালজবুর্গ শহরে অনুষ্ঠিত উয়েফা সুপার কাপে এ্যাস্টন ভিলার মুখোমুখি হবে পিএসজি। ইউরোপা লিগের চ্যাম্পিয়ন হিসেবে সেই ম্যাচে খেলবে অ্যাস্টন ভিলা।