শিরোনাম

ঢাকা, ২৯ মে, ২০২৬ (বাসস) : স্কটল্যান্ড জাতীয় দলের প্রধান কোচ স্টিভ ক্লার্ক বৃহস্পতিবার নতুন চার বছরের চুক্তিতে স্বাক্ষর করেছেন। তার অধীনেই স্কটল্যান্ড ১৯৯৮ সালের পর প্রথম বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে।
ক্লার্কের নতুন চুক্তি তাকে ২০২৮ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ এবং ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে রাখবে। এর মাধ্যমে কয়েক মাস ধরে চলা তার ভবিষ্যৎ নিয়ে জল্পনার অবসান হলো।
৬২ বছর বয়সী ক্লার্কের আগের চুক্তির মেয়াদ জুলাইয়ে শেষ হওয়ার কথা ছিল। তার অধীনে স্কটল্যান্ড মোট ৭৬ ম্যাচে ৩৫টি জয় ও ১৪টি ড্র করেছে।
স্কটল্যান্ডের সঙ্গে চুক্তি আলোচনার সময় কিছু ক্লাব তার সঙ্গে প্রাথমিক যোগাযোগ করেছিল বলে ইঙ্গিত দেওয়ার পর ক্লার্ক বলেন, বিশ্বকাপের আগে দীর্ঘমেয়াদি নিশ্চয়তা পেয়ে তিনি স্বস্তি অনুভব করছেন।
তিনি বলেন, “২৮ বছর পর আমাদের পুরুষ দলকে প্রথম বিশ্বকাপে নেতৃত্ব দেওয়া আমার জন্য সত্যিই বড় সম্মানের বিষয়। প্রধান কোচ হিসেবে দায়িত্ব চালিয়ে যেতে পেরে আমি গর্বিত।”
তিনি আরও বলেন, “ভবিষ্যতের দিকে তাকানো ও পরিকল্পনা করা খুবই গুরুত্বপূর্ণ। যদিও এই গ্রীষ্মে আমেরিকায় আমার দল দেশের জন্য সর্বোচ্চ চেষ্টা করবে, তবুও টুর্নামেন্টের আগে এই চুক্তি আমাদের স্থিতি ও নিশ্চয়তা দিচ্ছে। আমরা দীর্ঘমেয়াদে এই ভিত্তির ওপর এগিয়ে যেতে পারব এবং এই দায়িত্বে থাকতে পারা আমার জন্য গর্বের।”
সাবেক ওয়েস্ট ব্রুম, রিডিং এফসি ও কিলমারনক এফসির কোচ ক্লার্ক ২০১৯ সালে স্কটল্যান্ডের দায়িত্ব নেন এবং দ্রুতই প্রভাব ফেলেন। তার নেতৃত্বে দলটি ২০২১ ইউরো চ্যাম্পিয়নশিপে জায়গা করে নেয়। এটি ছিল ১৯৯৮ বিশ্বকাপের পর স্কটল্যান্ডের প্রথম বড় কোনো টুর্নামেন্ট। তবে তারা তিন ম্যাচেই জয়হীন থেকে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়।
পরে প্লে-অফে ইউক্রেনের কাছে হেরে ২০২২ বিশ্বকাপে উঠতে ব্যর্থ হয় ক্লার্কের দল।
তবে স্পেনের বিপক্ষে জয়সহ দুর্দান্ত বাছাইপর্ব খেলে তারা ইউরো ২০২৪-এ জায়গা করে নেয়।
আবারও বড় আসরে গ্রুপ পর্বে জয় পায়নি স্কটল্যান্ড। জার্মানী ও হাঙ্গেরির কাছে হেরে তারা বিদায় নেয়।
শেষ বাছাইপর্বে ডেনমার্কের বিপক্ষে নাটকীয় জয় স্কটল্যান্ডকে এবারের উত্তর আমেরিকা বিশ্বকাপে পৌঁছে দেয়। এর মাধ্যমে টুর্নামেন্টের নকআউট পর্বে প্রথমবার ওঠার দীর্ঘ অপেক্ষা ঘোচানোর আরেকটি সুযোগ পাচ্ছেন ক্লার্ক।
১৪ জুন গ্রুপ সি-তে হাইতির বিপক্ষে ম্যাচ দিয়ে স্কটল্যান্ড বিশ্বকাপ অভিযান শুরু করবে। এরপর তারা মুখোমুখি হবে মরক্কো ও ব্রাজিলের।