বাসস
  ২৮ মে ২০২৬, ১৯:১০

রেলিগেটেড হলেও ওয়েস্ট হ্যামের কোচ থাকছেন নুনো এসপিরিতো

ঢাকা, ২৮ মে ২০২৬ (বাসস) : প্রিমিয়ার লিগ থেকে অবনমনের পরও নুনো এসপিরিতো সান্তোকেই প্রধান কোচ হিসেবে বহাল রেখেছেন ওয়েস্ট হ্যাম। এক বিবৃতিতে ক্লাবের পক্ষ থেকে এই ঘোষনা দেয়া হয়েছে।

সোমবার পর্তুগিজ কোচ নুনো ও ক্লাব কর্তৃপক্ষের মধ্যে বৈঠক হয়। তার আগের দিন মৌসুমের শেষ ম্যাচে ওয়েস্ট হ্যাম ৩-০ গোলে লিডসকে হারালেও, নগর প্রতিদ্বন্দ্বী টটেনহ্যাম এভারটনকে হারানোয় তারা অবনমিত হয়।

জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে দলের পারফরম্যান্সে উন্নতি আনলেও, নুনো লন্ডন স্টেডিয়াম ছাড়তে পারেন- এমন জল্পনা ছিল। ওই সময়ে হ্যামার্সরা ১৩ ম্যাচে ২২ পয়েন্ট সংগ্রহ করেছিল।

তবে লিগের শেষ চার ম্যাচের মধ্যে তিনটিতে হার তাদের জন্য বড় মূল্য হয়ে দাঁড়ায়। আর সেই সুযোগে স্পার্স প্রিমিয়ার লিগে টিকে যায়।

ওয়েস্ট হ্যামের এক বিবৃতিতে বলা হয়, “সপ্তাহের শুরুতে প্রধান কোচ নুনো এসপিরিতো সান্তোর সঙ্গে আমাদের বৈঠক হযয়েছে এবং আমরা আনন্দের সঙ্গে নিশ্চিত করছি যে তিনি ক্লাবের প্রতি তার অঙ্গীকার অব্যাহত রাখার কথা জানিযয়েছেন- যেমনটা আমরাও তার প্রতি রেখেছি।”

বিবৃতিতে আরও বলা হয়, “নুনো খুব স্পষ্টভাবে জানিয়েছেন যে, আগামী মৌসুমেই ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে আবার শীর্ষ লিগে ফিরিয়ে আনার চ্যালেঞ্জ নিতে তিনি অত্যন্ত অনুপ্রাণিত। আগামী মৌসুমে এটিই হবে আমাদের নিঃসন্দেহ লক্ষ্য।”

ইংল্যান্ডের দ্বিতীয় টায়ারের ফুটবল চ্যাম্পিয়নশিপে এর আগে একবার কাজ করেছেন নুনো। ২০১৮ সালে উল্ফসকে ৯৯ পয়েন্ট নিয়ে শিরোপা জিতিয়ে প্রিমিয়ার লিগে তুলেছিলেন তিনি।