বাসস
  ২৭ মে ২০২৬, ২০:০২

পাকিস্তানের বিপক্ষে মার্শের পরিবর্তে অস্ট্রেলিয়ার নেতৃত্ব দিবেন ইংলিস

ঢাকা, ২৭ মে, ২০২৬ (বাসস) : গোঁড়ালির ইনজুরির কারনে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক মিচেল মার্শ। ভারতীয় প্রিমিয়ার লিগে খেলার সময় তিনি ইনজুরিতে পড়েন। 

মার্শের পরিবর্তে ওয়ানডে দলকে নেতৃত্ব দিবেন জস ইংলিস। শনিবার লাক্ষ্মৌ সুপার জায়ান্টসের শেষ ম্যাচে মার্শ বিশ্রামে ছিলেন। পরবর্তীতে চিকিৎসার জন্য তিনি অস্ট্রেলিয়া ফিরে গেছেন। 

আগামী শনিবার থেকে রাওয়ালপিন্ডিতে তিন ম্যাচে ওয়ানডে সিরিজ শুরু হবে। মার্শের আগে আইপিএল’এ খেলার কারনে ওয়ানডে দলের নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সও আসন্ন এই সিরিজ থেকে ছিটকে গেছেন। এ সপ্তাহে আইপিএল’র প্লে অফে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলবেন কামিন্স। 

এ সম্পর্কে ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতিতে জানিয়েছে পরবর্তী পর্যবেক্ষন ও চিকিৎসার জন্য মার্শ পার্থেই থাকবেন। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে তিনি খেলতে পারবেন কিনা তা যথাসময়ে জানানো হবে। 

অধিনায়ক হিসেবে তৃতীয় পছন্দ ট্রাভিস হেডকে আইপিএল দায়িত্বের কারনে পাকিস্তান সফরের জন্য বিবেচনা করা হয়নি। এ কারনে চতুর্থ বাছাই ইংলিসই দলকে নেতৃত্ব দিবেন।

এর আগে এই উইকেটরক্ষক একবার অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছেন। ২০২৪ সালের নভেম্বরে পার্থে পাকিস্তানের বিপক্ষে তিনি অস্ট্রেলিয়া দলের অধিনায়কত্ব করেছেন। 

পাকিস্তানের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের পর বাংলাদেশ সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অংশ নিবে অস্ট্রেলিয়া। আগামী ৯ জুন থেকে শুরু হবে এই সিরিজ। ওয়ানডে সিরিজের পর তিন ম্যাচের টি২০ সিরিজও খেলবে দুই দল।