শিরোনাম

ঢাকা, ২৬ মে, ২০২৬ (বাসস) : আগামী মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নিতে ব্যর্থ হওয়ায় কোচ মাসিমিলিয়ানো আলেগ্রিকে ছাঁটাই করেছে এসি মিলান। একইসাথে ক্লাবের শীর্ষ পর্যায়ের একাধিক কর্মকর্তাকেও বরখাস্ত করেছে ইতালিয়ান জায়ান্টরা।
১৯ বারের সিরি-আ চ্যাম্পিয়ন মিলান রোববার মৌসুমের শেষ লিগ ম্যাচে নিজেদের মাঠে কালিয়ারির কাছে ২-১ গোলে পরাজিত হয়। এই পরাজয়ের ফলে ইউরোপীয় ফুটবলের শীর্ষ প্রতিযোগিতায় ফেরার সুযোগ হাতছাড়া হয়।
৫৮ বছর বয়সী আলেগ্রি গত বছর মে মাসে দায়িত্ব নিয়েছিলেন। ১১ বছর পর তিনি আবারও উত্তর ইতালির এই ক্লাবে ফিরেছিলেন। আগেরবারও তার মেয়াদ শেষ হয়েছিল চ্যাম্পিয়ন্স লিগে উঠতে ব্যর্থ হওয়ার পর।
সাবেক স্ট্রাইকার এবং বর্তমানে রেড বার্ডের উপদেষ্টা জøাটান ইব্রাহিমোভিচ নিজের পদে থাকছেন, যদিও সাতবারের ইউরোপিয়ান কাপজয়ী ক্লাবটির সমর্থকদের তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি।
এসি মিলানের মালিক রেডবার্ড ক্যাপিটাল এক বিবৃতিতে বলেছে, “গত মৌসুমের হতাশার পর ক্লাব মালিকপক্ষের লক্ষ্য ছিল চ্যাম্পিয়ন্স লিগে ফেরা এবং সিরি আ-তে ধারাবাহিকভাবে শীর্ষে প্রতিদ্বন্দ্বীতা করার ভিত্তি গড়ে তোলা। এখন পরিবর্তন এবং ফুটবল কার্যক্রমের পূর্ণাঙ্গ পুনর্গঠনের সময় এসেছে। অবিলম্বে কার্যকর হওয়ার ভিত্তিতে আমরা সিইও গিওর্গিও ফুরলানি, স্পোর্টিং ডিরেক্টও ইগলি টারে, প্রধান কোচ মাসিমিলিয়ানো আলেগ্রি এবং টেকনিক্যাল ডিরেক্টও জিওফ্রে মোনকাডার সঙ্গে সম্পর্ক ছিন্ন করছি। তাদের প্রত্যেককে এসি মিলানের জন্য তাদের কঠোর পরিশ্রম ও নিবেদনের জন্য ধন্যবাদ জানাই। পরবর্তী নিয়োগগুলো নিয়ে যথাসময়ে আরও ঘোষণা দেওয়া হবে- যাতে আগামী মৌসুমের জন্য দল পুরোপুরি প্রস্তুত থাকতে পারে।”
নিচের সারির দল কালিয়ারির কাছে হারের পর মিলান চতুর্থ ও শেষ চ্যাম্পিয়ন্স লিগ স্থানের জন্য কোমোর চেয়ে এক পয়েন্ট পিছিয়ে পড়ে। ম্যাচের শুরুতে মিলান তৃতীয় স্থানে ছিল।
মৌসুমের অর্ধেকেরও বেশি সময় মিলান লিগ টেবিলের শীর্ষ দুইয়ের মধ্যে ছিল। কিন্তু শেষদিকে ভয়াবহ ছন্দপতনে তিনটি হার, একটি ড্র এবং মাত্র একটি জয় পায় তারা।
নতুন সিরি আ মৌসুম শুরু হবে ২২-২৩ আগস্ট সপ্তাহান্তে। মিলান আগামী মৌসুমে দ্বিতীয় সারির ইউরোপীয় প্রতিযোগিতা উয়েফা ইউরোপা লিগে খেলবে।
২০২৪ সালে ক্লাবটির দায়িত্ব নেওয়ার পর এবার পঞ্চম কোচ খুঁজতে নামবে রেডবার্ড।
ইতালীয় সংবাদমাধ্যমগুলোর সূত্রমতে জানা গেছে সদ্য নাপোলি ছাড়া এন্টোনিও কন্টে এবং আটালান্টার রাফায়েল পালাডিনোর নাম মিলানের নতুন কোচ হিসেবে আলোচনায় রয়েছে।