শিরোনাম

ঢাকা, ২৫ মে ২০২৬ (বাসস) : কব্জির ইনজুরির কারনে উইম্বলডন থেকে নাম প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন কার্লোস আলকারাজ। ইতোমধ্যেই এই ইনজুরির কারনে তিনি ফ্রেঞ্চ ওপেনেও খেলছেন না।
গত ১৪ এপ্রিল বার্সেলোনা ওপেনের প্রথম রাউন্ডে ওটো ভিরটানেনের বিপক্ষে জয়ের ম্যাচটিতে তার এই ইনজুরি সমস্যা ধরা পড়ে। এর ফলে পুরো ক্লে কোর্ট মৌসুম থেকে তিনি ছিটকে যান।
বিশ্বের দুই নম্বর তারকা আলকারাজ ইতোমধ্যেই মাদ্রিদ ওপেন ও ইতালিয়ান ওপেনে খেলতে পারেননি।
সম্প্রতি তিনি রোলা গ্যাঁরোতে না খেলার বিষয়টি নিশ্চিত করেন।
ক্লে কোর্টের পর মৌসুমের অন্যতম ঐতিহ্যবাহী গ্র্যান্ড স্ল্যাম উইম্বলডনেও না খেলার সিদ্ধান্ত নিয়েছেন এই স্প্যানিয়ার্ড। নিজের ইনস্টাগ্রামে এই বিষয়টি তিনি নিশ্চিত করেছেন।
সেখানে এক পোস্টে তিনি লিখেছেন, ‘আমি দ্রুতই সুস্থ হয়ে উঠছি। এখন আরও বেশী ভাল অনুভব করছি। কিন্তু দূর্ভাগ্যবশত: এখনও প্রতিদ্বন্দ্বীতা করার মত প্রস্তুত নই। যে কারনে উইম্বলডন ও কুইন্স ক্লাব থেকে নাম প্রত্যাহার করে নিচ্ছি। এই দুটো টুর্নামেন্ট আমার কাছে সত্যিই বিশেষ কিছু এবং আমি দুটোই মিস করছি। যত দ্রুত সম্ভব কোর্টে ফেরার জন্য কাজ করে যাচ্ছি।’
প্রতিদ্বন্দ্বী ইয়ানিক সিনারকে পিছনে ফেলে বিশ্ব র্যাঙ্কিংয়ের এক নম্বরে থেকে তিনি গত বছর শেষ করেছিলেন। এরপর জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জয় করেন।
গত বছর কুইন্স ক্লাবে জয়ের পর উইম্বলনের ফাইনালে খেলেছেন আলকারাজ। ফাইনালে সিনারের কাছে পরাজিত হয়ে তাকে রানার্স-আপ শিরোপা নিয়েই সন্তুষ্ট থাকতে হয়।
বড় আসরগুলোতে না খেললেও আলেক্সান্দার জেভরেভের থেকে ৬ হাজার পয়েন্ট উপরে থাকায় আলকারাজ বর্তমান র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানেই থাকছেন।