শিরোনাম

ঢাকা, ২৫ মে ২০২৬ (বাসস) : গত চার মৌসুমে তৃতীয়বারের মত প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট জয় করেছেন ম্যানচেস্টার সিটি তারকা আর্লিং হালান্ড। যদিও ইত্তিহাদ স্টেডিয়ামে কোচ পেপ গার্দিওলার বিদায়ী ম্যাচে গতকাল তিনি মাঠে নামেননি।
১০ বছরের বর্ণাঢ্য অধ্যায়ের সমাপ্তি টেনে গতকাল সিটির কাছ থেকে বিদায় নিয়েছেন গার্দিওলা। যদিও এ্যাস্টন ভিলার বিপক্ষে বিদায়ী ম্যাচে কোচকে জয়কে উপহার দিতে পারেনি শিষ্যরা। ম্যাচে সিটি ২-১ গোলে পরাজিত হয়েছে।
নরওয়েজিয়ান হালান্ড এবারের মৌসুমে ৩৫ লিগ ম্যাচে ২৭ গোল করেছেন। সিটি অবশ্য অল্পের জন্য আর্সেনালের কাছে লিগ শিরোপা হারিয়েছে।
গোল্ডেন বুট জয়ের তালিকায় তিনবার করে জয়ী এ্যালান শিয়েরার ও হ্যারি কেনের সাথে যোগ হলেন হালান্ড। এই তালিকায় চারবার করে পুরস্কার হাতে নিয়ে শীর্ষে আছেন মোহাম্মদ সালাহ ও থিয়েরি অঁরি।
২২ গোল করে হালান্ডের পর দ্বিতীয় স্থানে আছেন ব্রেন্টফোর্ডের ইগর থিয়াগো। এই পারফরমেন্সের কারনে ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নিয়েছেন তিনি।
হালান্ডের ১৯ গোল এসেছিল প্রথম ১৭ ম্যাচ থেকে। এরপর মৌসুমের শেষ ভাগে আবারও তিনি ফর্মে ফিরেন।