বাসস
  ২৪ মে ২০২৬, ১৭:৪৯

আইপিএল থেকে ছিটকে যাওয়া বেথেলের লর্ডস টেস্ট অনিশ্চিত

ছবি : সংগৃহীত

ঢাকা, ২৪ মে ২০২৬ (বাসস) : আঙুলের ইনজুরির কারনে চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে ছিটকে গেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ইংলিশ ব্যাটিং অলরাউন্ডার জ্যাকব বেথেল। 

এতে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে বেথেলের খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। লর্ডসে ৪ জুন থেকে টেস্ট সিরিজ শুরু করবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। 

গত রোববার ধর্মশালায় পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচে ফিল্ডিং করার সময় বাঁ-হাতের অনামিকায় চোট লাগে বেথেলের। ফলে মাঠের বাইরে ছিটকে যান তিনি। ইনজুরির কারনে ব্যাঙ্গালুরুর হয়ে প্লে-অফে খেলতে পারবেন না বেথেল। তাই দেশে ফিরে যেতে হচ্ছে তাকে। 

আইপিএল থেকে ছিটকে যাওয়ার পাশাপাশি নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে খেলা অনিশ্চিত বেথেলের। লর্ডস টেস্টের আগে সুস্থ হয়ে উঠতে ইংল্যান্ড দলের চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন এই বাঁ-হাতি ব্যাটার। 

এক বিবৃতিতে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানায়, বোর্ডের পরামর্শেই দেশে ফিরছেন বেথেল। লর্ডসে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের আগে সুস্থ করে তুলতে বেথেলকে নিবিড় পর্যবেক্ষণে রাখবে ইংল্যান্ডের মেডিকেল দল। 

২০২৪ সালের নভেম্বরে ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে অভিষেক হয় বেথেলের। এরপর ইংল্যান্ডের জার্সিতে ৬ টেস্টে ১ শতক ও ৩ অর্ধশতকে ৪৭৬ রান করে দলে নিজের জায়গা পোক্ত করেন তিনি। এ বছরের জানুয়ারিতে সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ সিরিজের পঞ্চম টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৫৪ রানের নান্দনিক ইনিংস খেলেন বেথেল।  

এবারের আইপিএলে ব্যাঙ্গালুরুর হয়ে ৭ ইনিংসে ৯৬ রান করেন বেথেল।