শিরোনাম

যশোর, ২৩ মে, ২০২৬ (বাসস) : ফিফা ও এএফসি’র নির্দেশনায় যশোরের শামস-উল-হুদা ফুটবল একাডেমিতে উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী ‘এএফসি গ্রাসরুট ফুটবল ডে’ ও ‘ওয়ার্ল্ড ফুটবল ডে’ উদযাপিত হয়েছে।
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম বৃহৎ এই ফুটবল উৎসবে খুলনা ও রাজশাহী বিভাগের ২২টি ফুটবল একাডেমি থেকে ৮০০ ক্ষুদে বালক ও বালিকা ফুটবলার অংশ নেয়।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ব্যবস্থাপনায় আজ শনিবার আয়োজিত এ ফুটবল ফেস্টিভ্যালের উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম। বেলুন উড়িয়ে ও ফুটবলে কিক মেরে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের সূচনা করেন তিনি।
উদ্বোধনী বক্তব্যে বাংলাদেশের ফুটবল এশিয়ার ফুটবল মানচিত্রে আরও সাফল্য অর্জন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন স্পিকার।
বর্তমান জাতীয় ফুটবল দলের প্রশংসা করে তিনি বলেন, হামজার মতো প্রতিভাবান কয়েকজন ফুটবলারের অন্তর্ভুক্তির মাধ্যমে বাংলাদেশ ভবিষ্যতে এশিয়ার অন্যতম শীর্ষ ফুটবল দলে পরিণত হতে পারে।
তৃণমূল পর্যায়ের ফুটবল একাডেমিগুলোর অবদানের প্রশংসা করে তিনি বলেন, এসব ক্ষুদে খেলোয়াড়দের মধ্য থেকেই একদিন ম্যারাডোনা, পেলে কিংবা প্লাতিনির মতো বিশ্বমানের ফুটবলার উঠে আসবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা, পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার, বাফুফের সভাপতি তাবিথ আউয়াল, বাফুফের সহ-সভাপতি ও শামস-উল-হুদা ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি মো. নাসের শাহরিয়ার জাহেদী।
সকাল ৮টা থেকেই খুলনা ও রাজশাহী বিভাগের বিভিন্ন প্রান্ত থেকে ক্ষুদে ফুটবলারদের মাঠে আগমনের মধ্য দিয়ে উৎসবের আমেজ তৈরি হয়। দুপুরে আনুষ্ঠানিক উদ্বোধনের পর অতিথিরা মাঠে ক্ষুদে খেলোয়াড়দের নৈপুণ্যপূর্ণ খেলা উপভোগ করেন।
বাফুফে সূত্রে জানা যায়, তৃণমূল পর্যায়ে ফুটবলের জোয়ার সৃষ্টি এবং শিশু-কিশোরদের মাঠমুখী করতে প্রতি বছরের মতো এবারও এই আয়োজন করা হয়েছে।