শিরোনাম

ঢাকা, ২৩ মে ২০২৬ (বাসস) : তিন ব্যাটার তাওহিদ হৃদয়-মুশফিকুর রহিম ও আফিফ হোসেনের হাফ-সেঞ্চুরির পর দুই বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম ও তানভীর ইসলামের দারুণ বোলিং নৈপুন্যে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে (ডিপিএল) পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান ধরে রাখল মোহামেডান স্পোর্টিং ক্লাব।
আজ লিগের সপ্তম রাউন্ডে মোহামেডান ২৩৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে গুলশান ক্রিকেট ক্লাবকে।
এই জয়ে ৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে মোহামেডান। সমানসংখ্যক ম্যাচে ২ পয়েন্ট নিয়ে ১১তম স্থানে আছে গুলশান।
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) চার নম্বর মাঠে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে মোহামেডান। দুই ওপেনার নাইম শেখ ৩০ ও পারভেজ হোসেন ইমন ১১ রানে আউট হন।
দলীয় ৬৮ রানের মধ্যে দুই ওপেনারের বিদায়ের পর তৃতীয় উইকেটে ১০৮ রানের জুটি গড়েন অধিনায়ক হৃদয় ও মুশফিকুর রহিম। ৯টি চার ও ১টি ছক্কায় হৃদয় ৭৭ বলে ৮৬ এবং ৮টি বাউন্ডারিতে মুশফিক ৬২ বলে ৭২ রান করেন।
পাঁচ নম্বরে নেমে হাফ-সেঞ্চুরির দেখা পান আফিফও। ৫১ বল খেলে ৫টি চার ও ২টি ছক্কায় নিজের ইনিংস সাজান আফিফ।
২৬৫ রানের মধ্যে তিন হাফ-সেঞ্চুরিয়ানের বিদায়ের পর মোহামেডানকে বড় সংগ্রহ এনে দেন মোহাম্মদ সাইফুদ্দিন ও ইয়াসির আলি চৌধুরি। ২ চার ও ৩ ছক্কায় সাইফুদ্দিন ২৪ বলে ৪৪ এবং ইয়াসির ২০ বলে ২৯ রান করেন। এতে ৫০ ওভারে ৯ উইকেটে ৩৪৫ রানের বড় সংগ্রহ পায় মোহামেডান।
আবির ৫৩ রানে ৪ উইকেট নেন।
৩৪৬ রানের লক্ষ্যে খেলতে নেমে মোহামেডানের দুই স্পিনার তাইজুল ও তানভীরের ঘূর্ণির মুখে পড়ে গুলশান। ফলে ৩৩.২ ওভারে ১০৮ রানে তুলে অলআউট হয় তারা।
নয় নম্বরে নেমে দলের হয়ে সর্বোচ্চ ২৫ রান করেন আবির। এছাড়া নাইম হোসেন সাকিব ১৫ রান করেন।
তাইজুল ৯.২ ওভার বল করে ২৬ রানে ৫ উইকেট নেন। ১০ ওভার বোলিংয়ে ৩৭ রান খরচায় ৪ উইকেট শিকার করেন তানভীর।